এইচআরডব্লিউর কাছে তথ্যপ্রমাণ চান ওবায়দুল কাদের
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে গুম ও তুলে নেওয়ার অভিযোগ তোলা হয়েছে সেসবের তথ্যপ্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সেতু ভবনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “আমরা নামগুলো স্পেসিফিকলি দেখতে চাই, তারা তথ্যপ্রমাণসহ বলুক এই নামগুলো।”
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ২০১৩ সাল থেকে শত শত মানুষকে বেআইনিভাবে আটক করে গোপন স্থানে আটকে রেখেছে বলে এক প্রতিবেদনে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংগঠন বৃহস্পতিবার ৮২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলেছে, কেবল ২০১৬ সালেই অন্তত ৯০ জনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আর ২০১৭ সালের প্রথম পাঁচ মাসে একইভাবে ৪৮ জনের নিখোঁজ হওয়ার খবর এসেছে।
ওবায়দুল কাদের বলেন, “আমাদের এগুলো ভাবতে হবে, তারা তথ্যপ্রমাণ স্পেসিফিকলি বলুক, তারপর আমাদের ৮ তারিখে মিটিং আছে সেখানে বসব, ৯ তারিখে পার্লামেন্ট আছে সেখানেও আলোচনা হবে, তারপর আমরা কনক্লুড করব, অন্ধকারে ঢিল ছুড়তে আমি চাই না।”
ডানপন্থি অধিকারকর্মী হিসেবে পরিচিত ফরহাদ মজহারের অন্তর্ধানের বিষয়ে কাদের বলেন, “ফরহাদ মজহারের ব্যাপারে অনেক কথা আছে। বিভিন্ন রকমের কথা, এখনো বিষয়টা অনেকটা রহস্যজনক। অপহরণ হয়েছেন এটি রহস্য নয়, অপরহরণটা সত্য, অপহরণটা কারা করেছে, ফরহাদ মজহার নিজেও বলছেন দেশে এবং বিদেশে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য অপহরণ নাটক বা অপহরণ করা হয়েছে, এটি তার নিজেরই জবানবন্দি।
“আমিও যদি তার কথার প্রতিধ্বনি করে একই কথা বলতে চাই, তাহলে কি গুম বা অপহরণ বলা যাবে, আর এটি সরকারই করেছে এটি কি বলা যাবে?”
নির্বাচনের আগে অনেক ধরনের নাটক বা ষড়যন্ত্র হবে উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচনের সোয়া বছরের মত প্রায় বাকি, এ সময় দেশে অনেক ঘটনা ঘটবে, অনেক নাটক হবে, অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলতে থাকবে। দেশের বিরুদ্ধে যেন চক্রান্ত না হয়, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা মোকাবেলা করে আসছি প্রথম থেকে, সেটা আমরা মোকাবেলা করছি, করব।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ পুরোদমে চলবে
ঢিমেটালে চলতে থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পুরোদমে চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সেতুভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানির প্রেসিডেন্ট প্রেমচাই কর্নসুতা এবং সিনোহাইড্রো কর্পোরেশনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠানগুলো পুরোদমে কাজ শুরু করার নিশ্চয়তা দিয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
ইটালিয়ান থাইয়ের বিষয়ে তিনি বলেন, “এর আগে তারা দুবার দুটি চাইনিজ কোম্পানির সাথে ফিন্যানসিয়াল এগ্রিমেন্ট করেছিল, তা বাস্তবায়ন করতে পারেনি, কাজ চলছে ঢিমেতালে, এ অবস্থা চলতে পারে না। জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি আছে।
“আমাদের দিকে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দেওয়া ক্লিয়ার, তারা ফান্ডিংয়ের জন্য যে চুক্তি করেছিল সে অনুযায়ি ফান্ড ক্লিয়ার করতে পারেনি।”
কাদের বলেন, “আমি বাতিল প্রক্রিয়ায় চলে যাওয়ায় তারা তড়িঘড়ি করে চলে এসেছেন, সঙ্গে সিনোহাইড্রো অফিসিয়ালদের নিয়ে আসা হয়েছে, এ কাজের ৪৯ শতাংশ সিনোহাইড্রোকে দেওয়া হয়েছে, তারা যৌথভাবে করবে।”
সিনোহাইড্রো পদ্মা সেতুর নদী শাসনের কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, “তারা আমাদের আশ্বাস দিয়েছে কাজ পুরোদমে চলবে, চায়না ডেভলপমেন্ট ব্যাংকের সাথে তাদের বোঝাপড়া আছে, তারা নির্মাণে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, চুক্তিও করেছে। আমাদের টার্গেট আগামী ২০১৮ সালের মধ্যে প্রথম ধাপে বনানী পর্যন্ত আসুক।”
২০১৫ সালের অগাস্ট থেকে এ প্রকল্পে ৫৮৯টি পাইল, ৪৩টি পাইল ক্যাপ, দুটি কলাম সম্পন্ন, ৮টি আংশিক কলাম সম্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) এই উড়াল সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা।
সেতু বিভাগের তথ্য অনুযায়ী, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, মহাখালী, তেজগাঁও হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। তবে ৩১টি র্যাম্প ও সংযোগ সড়কসহ এর মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার হবে।
২০১১ সালের ১৯ জানুয়ারি এ প্রকল্পের প্রথম চুক্তি হয়। একই বছর ৪ এপ্রিল করা হয় ভিত্তিস্থাপন। এরপর ৩০ এপ্রিলে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে নকশা পরিবর্তন ও মূল্যস্ফীতির কারণে প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ায় ২০১৩ সালের ১৫ ডিসেম্বর ইতাল-থাইয়ের সঙ্গে নতুন করে চুক্তি করে সেতু বিভাগ।
নতুন চুক্তির পর ২০১৪ এ নির্মাণ কাজ পুনরায় উদ্বোধন করেন মন্ত্রী ওবায়দুল কাদের। নির্মাণ কাজ শুরুর জন্য দুই দফা সময় রাখা হলেও ২০১৫ অগাস্টের মাঝামাঝি এসে শেষ পর্যন্ত সেই কাজ শুরু হয়।
