‘ভুয়া প্রকল্পে’ সরকারি বরাদ্দ আত্মসাতে ক্ষমতাসীনরা: রিজভী
ক্ষমতাসীনরা সারা দেশে ‘ভুয়া প্রকল্পের’ মাধ্যমে সরকারি বরাদ্দ আত্মসাৎ করছে বলে অভিযোগ করেছে বিএনপি
রোববার দুপুরে রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “চলতি জুনে সারা দেশে জেলা-উপজেলায় ভুয়া প্রকল্পের মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের মহোৎসবের খবর গণমাধ্যমে এখন প্রধান শিরোনাম। মসজিদ-মন্দিরের নামে ভুয়া কমিটি তৈরি করে অথবা নামসর্বস্ব ধর্মীয় ও সামাজিক ক্লাব সংগঠন দেখিয়ে সরকারি বরাদ্দ নিজেদের পকেটে ঢুকাচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
“ব্যাংক-বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠান গিলে ফেলে এখন তারা মসজিদে মন্দিরের টাকাও আত্মসাতে মেতে উঠেছে। লুটপাটের মাধ্যমে বিদেশে টাকার পাচার করে পুরো দেশটাকে ধবংস করেও ক্ষমতাসীনদের ক্ষুধা মিটছে না।”
পত্রিকায় প্রকাশিত খবরের বরাত দিয়ে রিজভী বলেন, “মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মোট ৬৭ কোটি ৬৫ হাজার ৪ শত ৫৮ টাকা বরাদ্দ হয়।
“এর মধ্যে বরমচাল ইউনিয়নের আটটি প্রকল্পে মোট ৫ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ হয়। লালমনিরহাটে চলতি অর্থবছর শেষে টিআর-কাবিখা প্রকল্পে ১০ কোটি টাকা লোপাট করেছে।”
নতুন অর্থবছরের বাজেটকে ‘গরীব মারার বাজেট’ হিসেবে আখ্যায়িত করেন বিএনপি নেতা রিজভী।
তিনি বলেন, “ঋণের বোঝা নিয়ে নতুন অর্থবছর শুরু হয়েছে। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করবে, তার মাথায়ও ঋণের বোঝা পড়বে ৪৬ হাজার ১৭৭ টাকা। বছরে বছরে এই ঋণের বোঝা শুধু বাড়ছেই। বিশাল ঘাটতির এই বাজেট পুরোটাই ঋণনির্ভর।
“ক্ষমতাসীনরা লুটপাটের মাধ্যমে অবৈধভাবে অর্জিত লাখ লাখ কোটি টাকা বিদেশে পাঁচার করে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ মানুষের ওপর। আজকের যে শিশুটি জন্মগ্রহণ করেছে, তাকেও ঋণের বোঝা বইতে হচ্ছে।”
বাজেট পাসের সমাপনীতে ‘দেশ অগ্রগতির দিকে যাচ্ছে’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, “প্রকৃতপক্ষে সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গুলশানে বাসায় গোয়েন্দা পুলিশ ঘিরে রেখেছিল জানিয়ে ঘটনার নিন্দা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, “এটা মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার ওপর চরম আঘাত। মাহমুদুর রহমানকে কথা বলা ও তার লেখাকে নানাভাবে আটকানোর জন্য সরকার রাষ্ট্রশক্তির দমনযন্ত্র প্রয়োগ অব্যাহত রেখেছে।”
সম্প্রতি নোয়াখালীতে দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিয়ময় অনুষ্ঠানে ক্ষমতাসীনদের স্থানীয় কর্মীরা হামলা চালায় অভিযোগ করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতা রিজভী।
সংবা্দ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তৈমুর আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, শহীদুল ইসলাম বাবুল, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ উপস্থিত ছিলেন।
