অর্থপাচারের প্রমাণ পেলে ব্যবস্থা: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তার দলের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে সুইস ব্যাংকে অর্থ রাখার প্রমাণ পেলে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ বাড়ার খবর নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।
শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর জরুরি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, “অর্থপাচারের রেকর্ড আওয়ামী লীগের নেই। বিএনপি বরাবরই অর্থপাচার করে, এটা আদালতের মাধ্যমে প্রমাণিত। তারেক-কোকোর মানি লন্ডারিংয়ের কথা সবার জানা আছে।
“তবে আওয়ামী লীগের কেউ সুইস ব্যাংকে টাকা রেখেছে এমন খবর আমরা পাইনি। প্রমাণ সহকারে তথ্য পেলে সে যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
সুইস ব্যাংকে টাকা রাখার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, “এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর এই অর্থ বাংলাদেশ থেকে গেছে এটাওতো কেউ বলেনি। যদি আওয়ামী লীগের কারও ইনভলভমেন্ট থাকে, আর সেটার প্রমাণ পাই তবে ব্যবস্থা নেব।”
রিজভী সাংবাদিকদের বলেন, “মূলত দুর্নীতি আর লুটপাটের টাকা সুইস ব্যাংকে পাচার করেছে ক্ষমতাসীনরা। গতকাল অর্থমন্ত্রী সংসদে যে বলেছেন, ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক, লালবাতি জ্বলার উপক্রম হয়েছে। সেই ব্যাংক লুটের টাকাই সুইস ব্যাংকে পাচার হয়েছে বলে সবাই বিশ্বাস করে।”
বিএনপি কোনো ইস্যু না পেয়ে ভ্যাট নিয়ে মাঠ গরমের চেষ্টা করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “ভ্যাটের টাকা দিয়ে বিএনপির মতো হাওয়া ভবন বানানোর কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই। বিএনপি ভেবেছিল, ঈদের যাত্রা পথের কোনো ইস্যু নিয়ে কথা বলবে, কিন্তু তাদের সব ইস্যু মাঠে মারা যাওয়ায় এখন মাঠ গরম রাখতে ভ্যাট নিয়ে নানান কথা বলছে। আসলে বিএনপি এখন বেপরোয়া হয়ে গেছে।”
গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার পর এই এক বছরে বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি কেমন হয়েছে-প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “ভাবমূর্তি অনেক উজ্জ্বল।”
সম্পাদকমণ্ডলীর এই সভায় দলের উপ-কমিটির সহসম্পাদক নিয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে জানিয়ে কাদের বলেন, “আশা করি, দুই-এক সপ্তাহের মধ্যে সহ-সম্পাদকের তালিকা দিতে পারব। আর সেটা অবশ্যই একশ’র মধ্যে সীমাবদ্ধ থাকবে।”
প্রত্যেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের জন্য তিনটি ও প্রচার দপ্তরের জন্য পাঁচটি করে সহ-সম্পাদক রাখা হবে বলে জানান তিনি।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মোজাম্মেল হক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।
