ব্যাংক হিসাবে বর্ধিত শুল্ক প্রত্যাহার চায় ১৪ দল
ব্যাংক হিসাবে আবগারি শুল্ক বাড়ানোর যে প্রস্তাব অর্থমন্ত্রী বাজেটে তুলে ধরেছেন, তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল।
রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক থেকে এ দাবি জানানো হয়।
বৈঠক শেষে জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, “জনগণের সুবিধার কথা চিন্তা করে আমরা ১৪ দল মনে করি, বাজেটের কিছু বিষয় নিয়ে অর্থমন্ত্রীর সংশোধন করার দরকার।
“এর মধ্যে ব্যাংকের আবগারি শুল্ক, সারচার্জ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। এছাড়া জনমনে প্রতিক্রিয়া ফেলে এমন অংশটুকু প্রত্যাহারের দাবি জানাই।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ২ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ কোটি টাকার যে বাজেট উপস্থাপন করেছেন, তাতে বছরের যে কোনো সময় ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি লেনদেনে আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করার কথা বলা হয়েছে।
এছাড়া ১০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ১ হাজার ৫০০ টাকার বদলে ২ হাজার ৫০০ টাকা, ১ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ৭ হাজার ৫০০ টাকার বদলে ১২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার বেশি লেনদেনে ১৫ হাজার টাকার বদলে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
সাধারণ নাগরিকদের পাশাপাশি ব্যবসায়ী, ব্যাংকার ও অর্থনীতিবিদরা আবগারি শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্তকে যৌক্তিক মনে করেছেন না। তারা বলছেন, এতে ব্যাংকিংয়ের বিকল্প অনানুষ্ঠানিক লেনদেনের মাধ্যমকে উৎসাহিত করা হবে।
তবে অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংকে যাদের এক লাখ টাকা রাখার সামর্থ্য আছে তারা সম্পদশালী। তারা বাড়তি ভারটা বহন করতে পারবেন, সমস্যা হবে না।
শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে ১৪ দলের বৈঠকের পর কেন্দ্রীয় মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, “বাজেট পর্যালোচনা করে আমরা দেখেছি, সেটা সার্বিকভাবে ভাল হয়েছে। এ বাজেটের যে সকল ত্রুটি আছে, সেগুলোকে অর্থমন্ত্রী পুনর্বিবেচনা করবেন বলে আমরা ১৪ দল আশা করছি।”
তিনি বলেন, “পহেলা জুন অর্থমন্ত্রী যে বিশাল বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন, এর জন্য আমরা ধন্যবাদ জানাই। এ বাজেট দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।”
জাসদের একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ সময় উপস্থিত ছিলেন।
