ঘূর্ণিদুর্গতদের ত্রাণ দিতে আওয়ামী লীগের চারটি দল
উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ বিতরণে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে চারটি দল গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে এই দলগুলো পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ঘূর্ণিঝড় মোরায় দেশের উপকূলীয় ১৬ জেলার ২ লাখ ৮৬ হাজার মানুষ ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
ত্রাণ বিতরণ ও পুর্নবাসনে গঠন করা দল চারটির মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে কক্সবাজার ও টেকনাফ এলাকায় এবং আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে কুতুবদিয়া-মহেশখালী এলাকায় কার্যক্রম চালাবে আওয়ামী লীগ।
এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা-বাঁশখালী এলাকায় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে এবং কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান ও বীর বাহাদুরের নেতৃত্বে রাঙ্গামাটি-বান্দরবান এলাকায় যাবে দুটি দল।
দল চারটির সমন্বয়ের দায়িত্বে থাকবেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, “দায়সারাভাবে ত্রাণ দিয়ে ফটোসেশন না করে তন্নতন্ন করে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণের রিপোর্ট তৈরি করে আনতে বলেছেন (শেখ হাসিনা)। তালিকা থেকে দলীয় ও সরকারিভাবে তাদেরকে সাহায্য করা হবে।
“আমরা শুধু রিলিফ দিয়ে সীমাবদ্ধ থাকবো না। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের পুর্নবাসনের ব্যবস্থা করবো।”
আওয়ামী লীগের বিভিন্ন জেলা কমিটির নেতাদের মধ্যকার দ্বন্দ্ব দ্রুত মিটিয়ে ফেলার কথাও বলেন দলটির সাধারণ সম্পাদক।
“দেশের বিভিন্ন জেলা পর্যায়ে আমাদের দলের মধ্যে কিছু সমস্যা আছে। রমজানের মধ্যে আমাদের দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা জেলার নেতাদের সঙ্গে বসে ঠিক করে নিবে।”
দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম এবং দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা যৌথ সভায় উপস্থিত ছিলেন।
