২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি হারুনের বিরুদ্ধে অভিযোগ মুরাদনগর আওয়ামী লীগের

কুমিল্লার মুরাদনগরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দখলদারিত্বের অভিযোগ তুলেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 07:10 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

এফবিসিসিআইর সাবেক সভাপতি হারুন এক সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ছিলেন।

দশম সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হন হারুন। তিন বছর বাদে আওয়ামী লীগে তার যোগ দেওয়ার পরদিনই দলটির মুরাদনগরের নেতারা তার বিরুদ্ধে অভিযোগ তুললেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল বলেন, ইউসুফ আবদুল্লাহ হারুন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মুরাদনগর থানা আওয়ামী লীগকে বিভক্ত ও বিএনপি সন্ত্রাসীদের দ্বারা আধিপত্য বিস্তার করছে।

“দলের প্রকৃত কর্মীদের মূল্যায়ন না করে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসী কর্মীদের দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছে। টিআর, কাবিখা চাল বা গমের প্রজেক্ট কমিটিকে সঠিক মূল্য না দিয়ে প্রতি টন চাল বা গম থেকে পাঁচ-সাত হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।”

মুরাদনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার, সহ-সভাপতি হেলাল উদ্দিন মজনু ও মোহাম্মদ হানিফ সরকার, কোষাধ্যক্ষ আবদুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক সংবাদ সম্মেলনে ছিলেন।

আউয়াল বলেন, “মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিপক্ষের মুসলিম লীগের সন্তান ইউসুফ আবদুল্লাহ হারুন মুরাদনগর বাজারে দু'শ বছরের পুরাতন সরকারি খাস জায়গা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করে বেআইনিভাবে দোকান, ঘর উঠিয়েছেন।

“মুরাদনগর সদরে জেলা পরিষদের পরিত্যক্ত জায়গা ব্যক্তিগত স্বার্থ হাসিল করে বেনামী লিজ ও দখল করে সংসদ সদস্য কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। মুরাদনগর উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের ও পিআইও অফিসের সকল টেন্ডার নিয়ন্ত্রণ এবং নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে তিনি কমিশন নিচ্ছেন।”

সংসদ সদস্যের অসহযোগিতার কারণে মুরাদনগরে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের স্থানীয় এই নেতা।

সহ-সভাপতি মজনু বলেন, “এমপি ইউসুফ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যানারে লাগিয়ে নিজেকে আওয়ামী লীগ দাবি করছেন। আমরা চাই উনি স্বতন্ত্র, স্বতন্ত্রই থাকুক। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ব্যবহার করে মুজিবের গড়া সংগঠন আওয়ামী লীগের ভাবমূর্তি যেন নষ্ট না করেন।”

অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, “শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ঘরে ঘরে চাকরি দেবেন বলেছিলেন তিনি। সে অনুযায়ী মুরাদনগর উপজেলার ৫৪টি স্কুলে দপ্তরী নিয়োগ দেওয়া হবে। আপনারা অনুসন্ধান করলে দেখতে পাবেন, এদের সবার কাছ থেকে এমপি ৪-৫ লক্ষ টাকা নিয়েছেন। 

মজনু বলেন, “তিনি আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ছিলেন। কিন্তু তিনি আওয়ামী লীগের দুর্দিনে সহযোগিতা করেননি বলে তাকে ২০০৮ ও ২০১৩ সালে দল থেকে নমিনেশন দেওয়া হয়নি।”