২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে চুক্তি স্পষ্ট করলে সন্দেহ দূরে হবে: জাসদ

প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে যে সব চুক্তি নিয়ে সন্দেহ উঠেছে, তার দূর করতে সরকারের স্পষ্ট বক্তব্য চাইছেন জাসদের একাংশের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 11:50 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

ক্ষমতাসীন জোটের শরিক দলটির নেতারা আশা করছেন, তিস্তা নদীর পানির ন্যায্য বণ্টনসহ ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধান হবে।

বুধবার শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন জাসদের স্থায়ী কমিটির কমিটির সভা শেষে এক বিবৃতিতে শেখ হাসিনার আসন্ন সফর নিয়ে এই অবস্থান জানানো হয়।

সভায় মুশতাক হোসেন, মো. খালেদ, করিম সিকদার, মো. মোহসীন, নাসিরুল হক নওয়াব উপস্থিত ছিলেন।

সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিএনপির প্রশ্ন তোলার প্রেক্ষাপটে জাসদের বিবৃতিতে বলা হয়, “বিভিন্ন স্পর্শকাতর বিষয়সমূহ নিয়ে গণমাধ্যমে যে সব জল্পনা-কল্পনা হচ্ছে সম্পর্কে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এসব অনুমান ও সন্দেহের নিরসন করতে পারে।”

প্রধানমন্ত্রীর আসন্ন সফরে যে সব চুক্তি ও সমঝোতা সম্পন্ন হবে তা দুদেশের বন্ধুত্বের মূলনীতি অনুসরণ করেই করা হবে বলে জাসদ আশা করে।

দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও দলটির নেতারা আশা প্রকাশ করেন।