প্রতিরক্ষা চুক্তিতে তড়িঘড়ি কেন, প্রশ্ন রিজভীর
ভারতের সঙ্গে বর্তমান সরকারের ‘আকাশছোঁয়া’ সম্পর্ক থাকলে কেনে তড়িঘড়ি করে প্রতিরক্ষা চুক্তি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমান সরকারের আমলে বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বোচ্চ শিখরে রয়েছে বলে দুই দেশের সরকারি মহল থেকে একাধিকবার দাবি করা হয়েছে। যদি আকাশছোঁয়া সম্পর্কই হয়ে থাকে, তবে এত তড়িঘড়ি করে চুক্তি কেন? ভারতের নীতিনির্ধারকরা তো খুশি থাকবেনই কারণ বাংলাদেশ থেকে না চাইতেই অনেক কিছু পাওয়া যায়। দিল্লী নিতে জানে, কিন্তু দিতে জানে না।”
“আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মধ্যে ঠেলে দেওয়া কোনো প্রতিরক্ষা চুক্তি এদেশের জনগণ মেনে নেবে না। জনগণ আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল হতে দেবে না। বাংলাদেশের দুই একজন লোক ভারতে চাকরি করতে পারে কিন্তু জনগণ একাত্তরের মতই তাদের বীরত্ব দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবে।”
শুক্রবার চারদিনের সফরে দিল্লী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরকালে ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এসব চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে এখনও চলছে। চুক্তি সই হলেই তা প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
তবে গত ৪ এপ্রিল সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ভারত সফরের আগেই সম্ভাব্য চুক্তি ও সমঝোতাসমূহ জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন।
রিজভী বলেন, “২০১০ সালেও বর্তমান প্রধানমন্ত্রী ভারত সফরে করেছিলেন। সেই সময় তিনি প্রকাশ্যে-অপ্রকাশ্যে প্রায় ৫০টির মতো চুক্তি করেছিলেন। অপ্রকাশ্যের চুক্তিগুলোর বিষয়ে এখনও জনগণ কিছুই জানতে পারেনি।”
“সীমান্ত সমস্যা সমাধানের কথা বলা হচ্ছে। কিন্তু এর বিনিময়ে যে, বাংলাদেশের ভূখন্ডকে একরকম ইজারা দেওয়া হয়েছে নামমাত্র মাসুলের বিনিময়ে, ভারতকে বাংলাদেশের ভেতর দিয়ে বহুমুখী ট্রানজিটের নামে করিডোরের সুবিধা দেয়া হয়েছে। অবকাঠামো না থাকলেও অগ্রাধিকারভিত্তিতে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করার সুযোগ পাচ্ছে ভারত। দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টনের সমস্যা সমাধান তো দূরে থাক, এসমস্ত নদীর উজানে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে। এতে বাংলাদেশ অংশে এই নদীগুলো মরা খালে পরিণত হয়েছে।”
‘সীমান্ত হত্যা বন্ধ হয়নি’ দাবি করে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “ভারতীয় বিএসএফের হাতের প্রায় প্রতিদিনই বাংলাদেশের নাগরিক খুন হচ্ছে। দুই দেশের মধ্যেও বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারত শুল্ক ও অশুল্ক বাধা সৃষ্টি করেই রেখেছে, যাতে আমরা পণ্য রপ্তানি করতে না পারি।”
সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
