আইপিইউ নিয়ে বিএনপির বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্ব: হাছান
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন নিয়ে বিএনপির বক্তব্যে রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
হাছান বলেন, আইপিইউ সম্মেলন নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে; আপত্তি জানিয়েছে। তারা যে গণতন্ত্রকে হত্যা করতে চায়, গণতন্ত্রের অন্তরায়; এটি তার সর্বশেষ বহিঃপ্রকাশ।
“এর মাধ্যমে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ ঘটেছে। তারা গণতন্ত্র চায় না, সেটা নগ্নভাবে প্রকাশ পেয়েছে।”
দশম জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচিত বাংলাদেশের সংসদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে বলেই ঢাকায় বিশ্বের বিভিন্ন দেশের সাংসদদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলেও মন্তব্য করেন হাছান।
সোমবার একবার সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আইপিইউ সম্মেলনকে প্রহসন আখ্যা দেন।
বিএনপির বক্তব্যকে দেশ ও গণতন্ত্রবিরোধী অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, তাদের প্রশ্ন বাংলাদেশে নির্বাচিত সংসদ নেই, তাহলে কেন এখানে এ সম্মেলন হচ্ছে। তাদের জানা উচিত, এ সম্মেলন বাংলাদেশ সরকার বা জাতীয় সংসদের সিদ্ধান্তে হচ্ছে না। এটি আইপিইউ এর কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তে অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির এই বক্তব্য শুধু দেশবিরোধী নয়, গণতন্ত্র বিরোধীও।”
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও দূ্র্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী,কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি এসময় উপস্থিত ছিলেন।
