খালেদার সঙ্গে নরওয়ের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশ নিয়ে ঢাকা সফরে থাকা নরওয়ের একটি সংসদীয় প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে।
সোমবার বিকাল সাড়ে ৫টায় প্রতিনিধিদলটি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের কার্যালয়ে যায়।
পাঁচ সদস্যের নরওয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কেনেথ এসভেন্ডসেন।
প্রতিনিধিদলটির সঙ্গে বৈঠকের সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে নেতারা জানান।
শনিবার থেকে ঢাকায় শুরু হওয়া আইপিইউ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রতিনিধিদলে থাকা নরওয়ের পার্লামেন্টের এই সংসদ সদস্যরা।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে ‘লিবারেল ইন্টারন্যাশনাল’ এর ভাইস চেয়ারম্যান ফিল বেনিয়ন
রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন ‘লিবারেল ইন্টারন্যাশনাল’ এর ভাইস চেয়ারম্যান ফিল বেনিয়ন। তিনিও আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন।
গুলশানে নিজের কার্যালয়ে ফিল বেনিয়নের সঙ্গে বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়াসহ নানা বিষয়ে আলোচনা করেন খালেদা।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।
