জঙ্গিবাদের বিরুদ্ধে গণআন্দোলনের আহ্বান ছাত্রলীগের
সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।
শনিবার সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত শাহবাগে জঙ্গিবাদ বিরোধী এক মানববন্ধন কর্মসূচিতে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
ছাত্রলীগ ব্যানারে জঙ্গি প্রতিরোধে ‘আমরাই দুর্বার, জঙ্গি-সন্ত্রাস ভেঙ্গে হবে চুরমার’ শীর্ষক এই মানবন্ধন হয়। এতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শাখার নেতাকর্মীরাও।
মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত চার দিনের কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও থানায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বলেও সংগঠনটির পক্ষে থেকে জানানো হয়।
মানববন্ধনে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যাই নয়, এটা একটি বৈশ্বিক সমস্যা। আজ সারা বিশ্বে জঙ্গিবাদ একটি আতঙ্কের নাম।
তিনি বলেন, “সেই আতঙ্ক আজ বাংলাদেশেও বিরাজমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় মনোবল নিয়ে যেভাবে জঙ্গিবাদ নির্মূল করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তা আজ সারা বিশ্বে প্রশংসনীয়।
তিনি বলেন, “দেশে সকল ছাত্রছাত্রীদের নিয়ে একটা গণসচেতনতা তৈরি করতে চাই। অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান, তারা যেন তাদের সন্তানদের খোঁজখবর নেন, কোথায় যাচ্ছে, কি করছে এসব বিষয় যাতে খেয়াল রাখেন।বাসার মালিক যাতে খোজ খবর নিয়ে ভাড়া দেয়।
“জঙ্গিবাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে চাই, জঙ্গিবাদ নির্মূল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, তোফাজ্জেল হক চয়ন, আরিফুর রহমান লিমন, কামাল মোহাম্মাদ নাসের, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
