২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপস করলেও ভোট দেবে না হেফাজত: মেনন

হেফাজতে ইসলামসহ অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে আপস করলেও নির্বাচনে তারা আওয়ামী লীগকে ভোট দেবে না বলে ‘সতর্ক’ করেছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 08:48 PM

Updated : 11 Oct 2022, 01:34 PM

সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, “অনেকে মনে করেন, হেফাজত বা অন্যান্য ইসলামী গ্রুপগুলোর ভোট আমরা নিরপেক্ষ করতে পারব বা পক্ষে নিয়ে আসতে পারব।

“আমি সতর্ক করে দিতে চাই, যত আপসই করা হোক না কেন, যতই তাদের পৃষ্ঠপোষকতা করা হোক না কেন, যতই মাথায় হাত বুলানো হোক না কেন- তারা কখনো ভোটের ময়দানে এসে সরকারের পক্ষে দাঁড়াবে না।”

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ‘লেডি জাস্টিসের’র আদলে তৈরি ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি প্রসঙ্গে একথা বলেন সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন।

২০১৩ সালে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের বিপরীতে দাঁড়িয়ে আলোচনায় আসে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। ওই বছরের ৫ মে হাজার হাজার মাদ্রাসা ছাত্রদের নিয়ে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালে সাঁড়াশি অভিযানে তাদেরকে চত্বরছাড়া করা হয়েছিল।

পরবর্তীতে ভোটের বাজারে ধর্মীয় ইস্যুতে যেন কোনো বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেজন্য সরকারের একটি অংশ পরাজিত হেফাজতকে তোষণে নামে বলে দেশের প্রগতিশীল জনগোষ্ঠীর একটি অংশের অভিযোগ। হেফাজতের দাবির প্রেক্ষাপটে সরকার চলতি বছর স্কুলের পাঠ্যপুস্তকেও পরিবর্তন আনে বলে অভিযোগ রয়েছে।

Image
ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘লেডি জাস্টিসের’র আদলে তৈরি এই ভাস্কর্য সরানোর দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘লেডি জাস্টিসের’র আদলে তৈরি এই ভাস্কর্য সরানোর দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

শিক্ষাক্ষেত্রে সরকার আপসের কারণে হেফাজত বর্তমানে ভাস্কর্য নিয়ে কর্মসূচি দিচ্ছে বলে মনে করেন বিমান মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, “১০ মার্চ তারা কর্মসূচি পালন করবে এবং এরপর বিভিন্ন জাগায় ভাস্কর্য ভাঙ্গার প্রস্তুতি নেবে। যদি আমরা সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আপস করি, তাহলে এরপর দেখব মুক্তিযুদ্ধের প্রতীক অপারেজয় বাংলা, সন্ত্রাসের বিরুদ্ধে রাজু ভাস্কর্য বা মিন্টু রোডে শহীদ পুত্রকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা যে ভাস্কর্য- এ সবই দেখব তুলে নেওয়া হচ্ছে।”

ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, “ভাস্কর্য আর মূর্তি মোটেও এক জিনিস নয়। মূর্তি পূজার প্রশ্ন এখানে আসে না। কিন্তু তারা যেভবে পহেলা বৈশাখকে পূজার কথা বলেন, অন্যান্য পূজার অনুষ্ঠানে যাওয়ার বিরুদ্ধেও কথা বলেন। তেমনি আজকে ভাস্কর্যকে মূর্তি বানিয়ে সাম্প্রদায়িক-মৌলবাদী ভাবনাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা তারা করছে।”

শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ বহুদূর এগিয়েছে মন্তব্য করে পাঠ্যপুস্তকের সাম্প্রতিক পরিবর্তন নতুন প্রজন্মকে মৌলবাদ-সাম্প্রদায়িকতার দিকে আকৃষ্ট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সরকারের এই মন্ত্রী।

মেনন বলেন, “প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর হয়েছে। মাধ্যমিকে মেয়েদের সংখ্যা অনেক ক্ষেত্রে বেশি। এটা যেমন বাড়ছে, তেমনি হিজাব ও চোখ ঢাকা, মুখ ঢাকা, মুখ আবৃত করা ছেলে-মেয়ের সংখ্যাও বাড়ছে।

“এর সাথে যদি নতুন পাঠ্যবই যুক্ত হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাব, নতুন প্রজন্ম এমন আবহের মধ্যে শিক্ষা লাভ করছে, যে আবহ তাদেরকে মৌলবাদ সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করে। এ নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত।”

দেশের অর্থনৈতিক উন্নয়ন হলেও এর সঙ্গে সঙ্গে বৈষম্য বাড়ছে বলে দাবি করেন বাম ধারার রাজনীতিবিদ মেনন।

“উন্নয়নের মহাসড়কের গাড়িতে যাত্রী কারা? এর মধ্যে কী গরিব মানষের কোনো জায়গা আছে? সমাজে ধনী-গরিব ও শহর-গ্রামের বৈষম্য প্রতিনিয়ত বেড়েই চলছে। আমরা সংবিধানে সমাজতন্ত্রের কথা বলেছি। কিন্তু সেই প্রশ্নে যাওয়া তো দূরের কথা, আমরা চলছি উল্টো পথে।

“সমাজতন্ত্রের পথে উন্নীত হতে না পারলেও সমতা ভিত্তিক সমাজ গড়ার কথা আমরা বলেই চলেছি। কিন্তু আমরা দেখেছি সমতা নিশ্চিত হচ্ছে না, বরং বৈষম্য বেড়েই চলছে। সমতা ছাড়া রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে না।”

শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “স্লোগান উঠেছে শেখ হাসিনার দীক্ষা; মানসন্মত শিক্ষা। কিন্তু হাজারে হাজারে জিপিএ পাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একজন/দুইজনের বেশি জায়গা করে নিতে পারে না। এ নিয়ে ভাবনা চিন্তা না করলে ভবিষ্যত প্রজন্ম পঙ্গু হয়ে জন্ম নেবে।”