২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসেও ঘরোয়া অনুষ্ঠান করবে আ. লীগ

ঢাকাবাসীর যানজটের দুর্ভোগ লাঘবে স্বাধীনতা দিবসসহ গুরুত্বপূর্ণ দিনগুলোতেও ঘরোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2017, 09:55 PM

Updated : 11 Apr 2022, 10:59 PM

দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, “আমরা চিন্তা- ভাবনা করেছি, জনস্বার্থে ছুটির দিন ছাড়া সভা-সমাবেশ করব না।”

যানজটের শহর ঢাকায় কর্মদিবসগুলোতে রাজনৈতিক দলের কর্মসূচি থাকলে যানজটে নাকাল হতে হয় নগরবাসীকে।

এই বিষয়টি চিন্তা করেই ঐতিহাসিক ৭ মার্চ ছাড়াও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতেও ঘরোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান কাদের।

যুবলীগের ওই অনুষ্ঠানে তিনি বলেন, “দেখুন এই মার্চ মাসে ৭ মার্চ, ১৭ মার্চ, ২৬ শে মার্চ এই তিনটি বড় প্রোগ্রাম।

“এইবার আমাদের নেত্রীসহ আমরা যখন কর্মসূচি প্রণয়ন করি তখন জনসভার কর্মসূচি বাদ দিয়ে আমরা ঘরোয়া আলোচনা সভা করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা করেছি জনস্বার্থে। আমরা আর কোনো র‌্যালি এবং ২৬ শে মার্চও রাস্তা বন্ধ করে কিছু করব- এটা চিন্তা-ভাবনায় নেই।

“কারণ আমরা রাজনীতি করি জনগণের জন‌্য। জনগণের যদি কষ্ট হয়, তাদের বিরক্তি হয়, অসন্তুষ্টির কারণ হয়, ক্ষোভের কারণ হয়- এমন কর্মসূচি থেকে আমরা পর্যায়ক্রমে সব পর্যায়কে বিরত রাখার চেষ্টা গ্রহণ করব।”

এর আগে গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতেও একই কথা বলেন ওবায়দুল কাদের।

কর্মসূচি পালনে যাতে নগরবাসীর ভোগান্তি না হয় সেদিকে লক্ষ রাখার পরামর্শ দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ‌্যে তিনি বলেন, “আমরা রাস্তা বন্ধ করতে যাব না। বিকল্প পথ বের করব।”

এরপর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন ঢাকায় শুধু সাপ্তাহিক ছুটির দিনে সংগঠনের শোভাযাত্রা করার ঘোষণা দেন।

“যে দিবসই হোক না কেন ছাত্রলীগের র‌্যালি হবে শুক্র ও শনিবার।”