২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিইসির সদিচ্ছা রয়েছে: নাজমুল হুদা

নতুন সিইসি কে এম নূরুল হুদাকে নিয়ে বিএনপি প্রশ্ন তুললেও তার প্রশংসা করেছেন দলটির সাবেক নেতা নাজমুল হুদা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 09:02 PM

Updated : 11 Apr 2022, 10:58 PM

“এই ব্যক্তিটির একটি সদিচ্ছা রয়েছে,” বলেছেন বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নতুন দল গঠন করে আওয়ামী লীগের জোটে ভেড়ার চেষ্টায় থাকা এই ব‌্যারিস্টার। 

নতুন ইসি নিয়ে বিএনপি প্রতিক্রিয়া জানানোর পরদিন বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন নাজমুল হুদা।

বিএনপির যে শাসনামলে নূরুল হুদাকে বাধ‌্যতামূলক অবসর দেওয়া হয়েছিল, ওই সরকারে নাজমুল হুদাও মন্ত্রী ছিলেন।

আদালতে লড়ে পক্ষে রায় পেয়ে সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি নিয়ে অবসরে গিয়েছিলেন নূরুল হুদা।

নতুন ইসির দায়িত্ব পালন বাধাগ্রস্ত করতে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন ‘তৃণমূল বিএনপি’র চেয়ারম্যান নাজমুল হুদা।

“যারা এই কমিশনের বিরোধিতা করছেন, এই কমিশন যাতে কাজ করতে না পারে সে বিষয়ে সচেষ্ট হচ্ছেন, আমি তাদের প্রতি আহ্বান জানাব, দয়া করে আর পানি ঘোলা করবেন না।”

নতুন কমিশনকে কাজ দেখানোর সুযোগ দিতেও সবার প্রতি আহ্বান জানান তিনি। গণমাধ‌্যমকে ‘অতি উৎসাহী’ না হওয়ার পরামর্শও দেন তিনি।

খালেদা জিয়া নেতৃত্বাধীন দলে এক সময় সর্বোচ্চ ফোরামে থাকা নাজমুল হুদা মনে করেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন।

“আগামীকাল নির্বাচন দিলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলে যারা মনে করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।”