নামগুলো গোপনই থাকুক, চান ওবায়দুল কাদের
ইসি নিয়োগে রাষ্ট্রপতির কাছে সুপারিশের আগে যে ২০ জনের নামের সংক্ষিপ্ত তালিকা সার্চ কমিটি করেছে, তা প্রকাশ না হওয়ার পক্ষপাতি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তবে এই নামগুলো শেষ পর্যন্ত গোপন থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে এই মন্ত্রীর, যিনি সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতিকে দেওয়া বিএনপির প্রস্তাব্তি নামগুলো ফাঁস করেছিলেন।
নতুন নির্বাচন কমিশন নিয়োগে রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করেছে, তারা ২০টি নামের সংক্ষিপ্ত তালিকা করে বৈঠক করেছে বৃহস্পতিবারও।
এই তালিকা থেকে ১০টি নাম চূড়ান্ত করে তারা বঙ্গভবনে পাঠাবেন। সে তালিকা থেকে অনধিক পাঁচজনের ইসি গঠন করতে পারেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সার্চ কমিটির চলমান কার্যক্রম নিয়ে দেশবাসীর কৌতূহলের মধ্যে বৃহস্পতিবার সড়ক ভবনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে আসেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সাংবাদিকরা সংক্ষিপ্ত তালিকার নাম প্রকাশের বিষয়ে ক্ষমতাসীন দলের অবস্থান জানতে চেয়ে তার কাছে একটি চিরকূট পাঠান।
ওবায়দুল কাদের তখন বলেন, “সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে কোন কোন নাম রেকমন্ড করবেন, সেটা আমাদের এখতিয়ারে নেই। প্রস্তাবিত নামগুলো মিডিয়াতে যাবে কি না, তা সার্চ কমিটি ও রাষ্ট্রপতি জানেন। সেটা বলার এখতিয়ার আমার ও আওয়ামী লীগের নেই।”
ওবায়দুল কাদের (ফেইসবুক থেকে নেওয়া ছবি)
“এই ধরনের রেকমন্ডেশন আগেভাগে প্রকাশ করা উচিৎ নয়”- এই মত জানিয়েই তিনি নামগুলো গোপন থাকার বিষয়ে নিজের সংশয় প্রকাশ করেন।
“আমাদের দেশে বাস্তবতাটা এই যে ১০ জন মিলে সভা করি, বলা থাকে নিয়ম অনুযায়ী মিডিয়ায় যাওয়ার কথা নয়, তারপরও কি গোপন থাকে? কে ব্যক্তিগতভাবে ফাঁস করে দিবে, ওখানে যারা আছেন, তাদের মধ্যে যে কোনো একজন। যদিও আমি জানি তারা খুব দায়িত্বশীল ব্যক্তি।”
“রেকমন্ডেশন রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে মিডিয়ায় প্রকাশ করা ঠিক না, তবে গোপন থাকবে এটার গ্যারান্টিও দিতে পারি না,” বলেন ওবায়দুল কাদের।
প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলনে প্রকৌশলীরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন মন্ত্রীর কাছে।
ওবায়দুল কাদের বলেন, “কিছু কিছু প্রকৌশলী কমিটমেন্ট নিয়ে কাজ করে, আবার কিছু কিছু আছে স্টেশনে থাকে না। কাজ থাকলে ছুটি নেন, ফাঁকি দিবেন কেন? টাকা, পয়সা, সম্পত্তি চিরজীবন থাকে না।”
প্রকৌশলীদের জন্য নতুন যানবাহন, আবাসন ব্যবস্থা ইত্যাদির সুব্যবস্থা করার আশ্বাস দেন মন্ত্রী।
সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি এ কিউ এম একরাম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান।
