২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্চ কমিটিতে নাম জমার ভিড়

সার্চ কমিটির বেঁধে দেওয়া সময় শেষ দিনে নতুন নির্বাচন কমিশনের সদস্য বাছাইয়ে নাম জমা দেওয়ার ভিড় লেগেছে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 11:57 AM

Updated : 11 Apr 2022, 10:55 PM

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) আব্দুল ওয়াদুদ জানান, বেলা ১১টা পর্যন্ত ১১টি রাজনৈতিক দলের সিলগালা চিঠি তারা হাতে পান। এরপর আধা ঘণ্টায় আরও তিনটি দলের প্রস্তাব ওই বিভাগে জমা পড়ে। 

“গতকাল আমরা চারটি দলের নামের তালিকা হাতে পেয়েছিলাম। বাকিরা আজ দিচ্ছেন।”

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেওয়া ৩১টি রাজনৈতিক দলকে মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে পাঁচ জনের নামের প্রস্তাব জমা দিতে বলেছে সার্চ কমিটি।

আওয়ামী লীগ, বিএনপিসহ অধিকাংশ দলই জানিয়েছে, নতুন সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে নামের প্রস্তাব তারা সার্চ কমিটির কাছে পাঠাবে।

নতুন ইসিতে একজন নারী সদস‌্য থাকছে। ফলে সার্চ কমিটিকে নারীদের নামও প্রস্তাবে রাখতে বলেছেন রাষ্ট্রপতি। দলগুলোও সে অনুযায়ী একজন নারীর নাম প্রস্তাব করছেন।

তবে এক্ষেত্রে অন‌্য পথে হাঁটছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিসহ কয়েকটি দল। এভাবে নাম প্রস্তাবের বিরোধিতা করে সিপিবি বলেছে, এভাবে রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করলে ওই ব‌্যক্তিদের নিয়ে বিতর্ক আরও বাড়বে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের দুপুরের আগেই নামের তালিকা নিয়ে সচিবালয়ে আসার কথা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাতে দলের স্থায়ী কমিটির সদস‌্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সোমবার সকালে ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিদ্ধান্ত হয়, ২০ দলের শরিক যে ছয়টি দল রাষ্ট্রপতির সংলাপের আমন্ত্রণ পেয়েছিল, সব দল আলাদাভাবে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগও সার্চ কমিটিতে নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

দলটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের প্রত‌্যেক সদস‌্য নামের তালিকা দেবেন। তা থেকে বাছাই করে পাঁচটি নাম সার্চ কমিটিতে পাঠানোর জন‌্য ঠিক করবেন শেখ হাসিনা।

সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের সোমবার জানিয়ছেন, তারা ৫ জনের নাম প্রস্তাব করবেন, সেখানে অন্তত একজন নারী সদস্যের নাম রাখা হবে। তালিকা চূড়ান্ত করে মঙ্গলবারই তা সার্চ কমিটির কাছে পাঠানো হবে।

সরকারের শরিক জাসদ (ইনু), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিশ, জমিয়তে উলামা-ই ইসলাম, ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট, ন্যাপ-মোজাফফর, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফতে আন্দোলন ইতোমধ‌্যে তাদের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছে। 

আগামী সংসদ নির্বাচন যারা পরিচালনা করবেন, তাদের নির্বাচনের জন‌্য গত বৃহস্পতিবার ছয় সদস‌্যের একটি সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তাদের ১০ দিন সময় দেওয়া হয়েছে। এরমধ‌্যে এই কমিটিকে নতুন নির্বাচন কমিশনারদের নামের এক প্রস্তাব বঙ্গভবনে পাঠাতে হবে। তার মধ‌্য থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন এই সার্চ কমিটি গত শনিবার প্রথম বৈঠকে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিটির কাছে কাছে পাঁচজন করে ব‌্যক্তির নাম চায়।

কমিটির অপর সদস্যরা হলেন- হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।

পুরনো খবর:

ইসিতে ‘গ্রহণযোগ্য, নির্দলীয়দের’ চান বিশিষ্টজনরা