সার্চ কমিটিতে আওয়ামী লীগের কেউ নেই: কাদের
ইসি নিয়োগের সার্চ কমিটি নিয়ে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ওই কমিটিতে দলীয় কেউ নেই।
রাষ্ট্রপতি বুধবার সার্চ কমিটি গঠনের পর তা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার যশোরে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
“বিএনপি সালিশ মানে কিন্তু তারা তাল গাছ চায়,” দলটির সমালোচনা করে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।
নতুন ইসি নিয়োগে নামের সুপারিশ পেতে রাষ্ট্রপতি বুধবার ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে।
এই কমিটির সদস্যরা ‘সরকারের পছন্দের লোক’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতারা।
ওবায়দুল কাদের বলেন, “রাষ্ট্রপতি যোগ্যদের সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। সেখানে রাজনৈতিক দলের কেউ নেই। সার্চ কমিটিতে আমরা আওয়ামী লীগের কাউকে চাই না। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের চাই।
“আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, যারা সার্চ কমিটিতে রয়েছের তারা কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।”
যশোরের সাগরদাড়িতে অনুষ্ঠিত সাতদিনব্যাপী মধু মেলার সমাপনী ও মধুসূদন পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী কাদের।
মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান সাগরদাড়িতে এ মেলা চলছে।
মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
কবি নির্মলেন্দু গুণ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বক্তব্য রাখেন অনুষ্ঠানে।
কবিতায় নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম এ বছর মহাকবি মধুসূদন পদক পেয়েছেন।
অনুষ্ঠানে যশোরের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, মনিরুল ইসলাম, স্বপন ভট্টাচার্য্য, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদীউজ্জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী ওবায়দুল কাদের মধুমঞ্চে মহাকবির মুরাল উদ্বোধন করেন।
