সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদা মারা গেছেন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক প্রতিমন্ত্রী এম নুরুল হুদা যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক জানান, বাংলাদেশ সময় বুধবার বেলা ২টা ৪৫ মিনিটে নিউ ইয়র্কের ম্যানহাটানের কর্নেল হাসপাতালে নুরুল হুদার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
চাঁদপুর-২ আসনের এই সাবেক সংসদ সদস্য ঢাকায় বসবাস করছিলেন। সপ্তাহখানেক আগে বড় ছেলের একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি সস্ত্রীক যুক্তরাষ্ট্রে যান।
“মঙ্গলবার বিকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে তার মৃত্যুর খবর আসে,” বলেন মানিক।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নুরুল হুদার ছেলে তানভীর হুদা দুপুরে যুক্তরাষ্ট্র থেকে চেয়ারপারসনের কার্যালয়ে টেলিফোন করে জানিয়েছেন, উনার বাবার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।”
বয়সের কারণে নুরুল হুদা দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতায় ভুগছিলেন জানিয়ে মানিক বলেন, “তিনি সর্বশেষ কমিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। চাঁদপুর-২ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।”
১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে নুরুল হুদা সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালের সংসদ নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ওই দফায় তার ভাগ্যে আর মন্ত্রিত্ব জোটেনি।
ওই সময় তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ছিলেন। আর সর্বশেষ কমিটিতে ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য। গত বছর কাউন্সিলের পর বিএনপির নতুন কমিটি গঠন করা হলে নুরুল হুদাকে উপদেষ্টা পরিষদের সদস্য করে নেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দুই ছেলের বাবা নুরুল হুদার পৈতৃক বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দি গ্রামে। তার ছেলেরা সবাই যুক্তরাষ্ট্রে থাকেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
