২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বুলু-সেলিমাসহ ১৭ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

রাজধানীর খিলগাঁও থানার একটি নাশকতার মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু ও সেলিমা রহমানসহ ১৭ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 02:32 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বুধবার মামলার পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে বিএনপি নেতা শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল, শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেল রয়েছেন।

২০১৫ সালের ৩১ জানুয়ারি খিলগাঁও থানায় দায়ের করা মামলায় গত বছরের ১৯ মে আদালতে অভিযোগপত্র জমা পড়ে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তিতে ২০১৫ সালের শুরু থেকে বিএনপি-জামায়াত জোটের ডাকা টানা হরতাল-অবরোধের সময় রাজধানীর খিলগাঁও উড়ালসেতুর গোড়ায় তুরাগ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় ওই বছরের ৩১ জানুয়ারি খিলগাঁও থানায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে ২১ আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০/২৫ জনকে আসামি করা হয় বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি পরোয়ানাপ্রাপ্তদের গ্রেপ্তার করা গেল কিনা সেই বিষয়ে আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার দিন রাখেন বিচারক।