আরও ৮ দলকে সংলাপে আমন্ত্রণ রাষ্ট্রপতির
নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য পঞ্চম দফায় আরও আটটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
দলগুলো হলো-বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, গণফ্রন্ট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “আমন্ত্রিত দলগুলোর সঙ্গে ১৬, ১৭ ও ১৮ তারিখ আলোচনা করবেন রাষ্ট্রপতি।”
নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে গত ১৮ ডিসেম্বর সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে প্রথম আলোচনায় বসেন রাষ্ট্রপ্রধান।
সব মিলিয়ে চার দফায় বিএনপি, আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, এলডিপি, বিকল্পধারা বাংলাদেশ, সিপিবি, বাসদ, কৃষক-শ্রমিক জনতা লীগসহ মোট ২৩টি দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হয়।
সবশেষ বুধবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হয়।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব নেবে নতুন ইসি। ওই কমিশনের অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, পাঁচ বছর মেয়াদী নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির।
সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা আছে- ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন।’
কিন্তু সংবিধানের আলোকে ওই আইন সাড়ে চার দশকেও না হওয়ায় প্রতিবারই নির্বাচন কমিশন গঠনে জটিলতা দেখা দেয়। গতবার নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠনের একটি পদ্ধতি গ্রহণ করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে গঠিত সার্চ কমিটি ১০ জনের নাম প্রস্তাব করে এবং তার মধ্য থেকে দুজনের নাম সিইসি হিসেবে প্রস্তাব করে।
ওই সুপারিশের মধ্য থেকে সাবেক সচিব কাজী রকিবউদ্দীন আহমদকে প্রধান নির্বাচন কমিশনার এবং আরও চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন জিল্লুর রহমান।
ওই কমিশনের মেয়াদের শেষ পর্যায়ে এসে এবারও একইভাবে সংলাপের আয়োজন করে ইসি গঠন করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
