২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুঙ্কার দিলে জবাবও তেমন: বিএনপিকে হাছান

বিএনপি আন্দোলনের নামে হুঙ্কার দিলে জনগণ ‘সমুচিত জবাব’ দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 04:37 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিএনপির বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে' বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক মানববন্ধনে তিনি এই মন্তব‌্য করেন।

পুলিশের অনুমতি না পাওয়ার ক্ষোভ থেকে আগামীতে তার তোয়াক্কা না করেই সমাবেশ করার ঘোষণা বুধবার দিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার প্রতিক্রিয়ায় ‘সমুচিৎ জবাব’র কথা বলেন আওয়ামী লীগ নেতা।   

হাছান বলেন, “সভা-সমাবেশের নামে তারা বিশৃঙ্খলা করতে চায়। বিএনপি অতীতে আন্দোলনের নামে মানুষ মেরেছে, তাদের হাত থেকে গাছও রক্ষা পায়নি।

“এবার সমাবেশের নামে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটত তারা। সে গাছ নিয়ে মানুষের উপর হামলা করত- এমন তথ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। সে কারণে হয়ত তাদের অনুমতি দেওয়া হয়নি।”

“জোর করে সমাবেশ করার কথা বলে রিজভী সাহেব পরিষ্কার করে দিয়েছেন যে তারা বিশৃঙ্খলা করতে চান। আন্দোলনের নামে হুঙ্কার দিলে জনগণ সমুচিত জবাব দেবে,” বলেন তিনি।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিএনপি নেতাদের ‘মাথা খারাপ হয়ে গেছে’ বলেও মন্তব‌্য করেন হাছান মাহমুদ।

“আওয়ামী লীগের সাফল্যে বিএনপি আজ ভীতসন্ত্রস্ত। তারা এখন রাজনৈতিক দল না, সন্ত্রাসী দল। মানুষের সামনে মূর্তিমান আতঙ্ক। জনগণের ভয়ে তারা ঘরের ভেতর ঢুকে গেছে, সমাবেশ ডেকে বের হন না। এখন তাদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না, সামনে অনুবীক্ষণ দিয়েও খুঁজে পাওয়া যাবে না।”

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে এ মানববন্ধন হয়।