২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি রূপকথার রাজ্যে রঙ্গিন খোয়াব দেখছে: কাদের

অনুমতি ছাড়াই সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার যে ঘোষণা বিএনপি দিয়েছে, তাকে ‘রূপকথার রাজ্যের রঙ্গিন খোয়াব’ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 03:23 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “গত তিন বছরে যারা তিন মিনিটের জন্যও রাজপথে উত্তাপ সঞ্চার করতে পারেনি, তারা এখন রূপকথার রাজ্যে রঙ্গিন খোয়াব দেখে।”

এ ধরণের ‘খোয়াবে লাভ হবে না’ বলে বিএনপিকে সতর্ক করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশের অনুমতি না পেয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার বলেন, “এবার কোনো স্বৈরাচারের কাছে অনুমতি নয়, সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশ হবে, কোনো পুলিশের অনুমতির জন্য আর অপেক্ষা করা হবে না।”

বিএনপি সেদিন অনুমতি না পেলেও সোহরাওয়ার্দী উদ‌্যানে মঙ্গলবার সমাবেশ করেছে আওয়ামী লীগ। এর আগে ১ জানুয়ারি জাতীয় পার্টিও সেখানে সমাবেশ করে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেতুমন্ত্রী কাদের গত তিন বছরে সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়েও কথা বলেন।

“আমাদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি। গত ২৬ বছরে যা হয়নি গত ৩ বছরে এর চেয়ে বেশি উন্নতি হয়েছে। এটা শেখ হাসিনা সরকারের অভাবনীয় সাফল্য।

“তবে আমরাও তো মানুষ, ফেরেস্তা নই; ব্যর্থতা তো থাকবেই,” বলেন তিনি।

নেতাকর্মীদের শীতবস্ত্র নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ‘নির্দেশ’ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিনি সারা দেশে জেলা উপজেলার নেতাকর্মীদের এ নির্দেশ দিচ্ছেন।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এ সময় উপস্থিত ছিলেন।