২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের এই সরকার ‘ফখরুদ্দীন-মইনুদ্দিনের’ ধারাবাহিকতা: মোশাররফ

আওয়ামী লীগের বর্তমান সরকার কাজের দিক থেকে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারকে অনুসরণ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 10:13 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

তিনি বলেছেন, “বর্তমান সরকার ওয়ান-ইলেভেনের ফখরুদ্দিন-মইনুদ্দিনের অবৈধ সরকারের সম্প্রসারণ বা ধারাবাহিকতা মাত্র। যে উদ্দেশ্যে ওয়ান-ইলেভেন এসেছিল, গণতন্ত্রকে হত্যা করতে, তারা ব্যর্থ হয়েছে।

“আজকে কী হয়েছে? সেই আন্তর্জাতিক চক্র আওয়ামী লীগকে বসিয়ে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্রকে বাক্সবন্দি করেছে। আজকে আপনারা দেখেন- এদেশের মানুষের ভোটাধিকার নাই, মানুষ আজ ভোট দিতে পারে না।”

জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের উদ্যোগে মঙ্গলবার ‘১/১১ এর সরকার : কলঙ্কজনক ইতিহাস’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন মোশাররফ, যাকেও তখন কারাগারে যেতে হয়েছিল।

দুই প্রধান রাজনৈতিক দলের দ্বন্দ্বের মধ‌্যে ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা হস্তক্ষেপে জরুরি অবস্থা জারি হয় বাংলাদেশে। তারপর ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দুই বছর দেশ শাসন করেছিল। তখন সেনাপ্রধান ছিলেন মইন উ আহমেদ।

ওই সরকার দুই প্রধান নেত্রীসহ বহু রাজনীতিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। দুর্নীতির মামলায় তাদের ানেকের সাজাও হয়েছিল তখন।

খন্দকার মোশাররফ জরুরি অবস্থার ওই সরকারের সঙ্গে আওয়ামী লীগ সরকারের তুলনা করে বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারিতে জনগণ ভোট দিতে যায়নি, ভোট দিতে পারে নাই। জনগণের ভোটাধিকার আজ আওয়ামী লীগের সরকারের বাক্সে বন্দি, দেশের গণতন্ত্র তাদের বাক্সে বন্দি।”

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “কিন্তু অনেকের সভা দেখলাম। এমনকি গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি, তারাও সেখানে সমাবেশ করলেন। এরপরে আরও সমাবেশ হয়েছে সরকারি দলের। আজকেও তারা সমাবেশ করেছে।”

বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খন্দকার মোশাররফ।

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন, নিপুন রায় চৌধুরী বক্তব্য রাখেন।