২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার শঙ্কা ছিল বলে বিএনপি অনুমতি পায়নি: ইঙ্গিত কাদেরের

নাশকতার আশঙ্কা থেকে ঢাকায় বিএনপিকে সমাবেশ করতে পুলিশ অনুমতি দেয়নি বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 07:48 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

গত ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ‌্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি না দেওয়া নিয়ে পুলিশের নীরবতার মধ‌্যে এই প্রথম সরকারের কোনো পর্যায়ের ভাষ‌্য পাওয়া গেল।

দশম সংসদ নির্বাচনের বছর পূর্তিতে আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবসের’ সমাবেশ করলেও ঢাকায় ‘গণতন্ত্র হত‌্যা দিবসের’ সমাবেশ করতে বিএনপিকে অনুমতি দেয়নি পুলিশ।

খালেদা জিয়ার সমাবেশে বিশাল জনসমাগম হবে বলে ভয় পেয়ে সরকার অনুমতি দেয়নি বলে বিএনপি অভিযোগ করে আসছে।

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চ পরিদর্শনে এসে বিএনপির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ওবায়দুল কাদের।

অনুমতি দেওয়া-না দেওয়ার বিষয়টি পুলিশের এখতিয়ার বলে সরকারের দায় এড়িয়ে তিনি বলেন, “সমাবেশের অনুমতির বিষয়ে আমরা কিছু জানি না, এটা ডিএমপির বিষয়।”

তবে পুলিশের ওই সিদ্ধান্তের পেছনে নাশকতার শঙ্কা ছিল ইঙ্গিত দিয়ে মন্ত্রী কাদের বলেন, “আমার তো মনে হয়, সে রকম কোন বিষয় থেকে তারা অনুমতি দেননি।

“অতীতে দেখা গেছে, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের নামে সহিংসতা করেছিল। এখানেও সেরকম কিছু ছিল কি না, সেটা ডিএমপি জানে, আমি এ বিষয়ে কিছু জানি না।”

সোহরাওয়ার্দী উদ‌্যানে মঙ্গলবারের সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, “জাতীয় সম্মেলনের পরেই এটাই আমাদের কোনো জনসভা। তাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখানে নীতি নির্ধারণীপূর্ণ বক্তব্য রাখবেন।”

সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে তিনি বলেন, কয়েক লাখ মানুষের সমাবেশ আশা করছেন তারা।

সমাবেশস্থল পরিদর্শনের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য মির্জা আজম, কামরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

পুরনো খবর:

সমাবেশ করতে না দেওয়ায় বিক্ষোভ কর্মসূচি বিএনপির