ইসি গঠন: সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব সাম্যবাদী দলের
নির্বাচন কমিশন গঠনে সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল।
তাদের প্রস্তাবে বলা হয়েছে, এই কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন।
বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনায় দলটির পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।
দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনে তারা নয় দফা প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাম্যবাদী দল বলেছে, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ রাজনৈতিক ক্ষেত্রে একটি ফলপ্রসূ উদ্যোগ। তারা নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের প্রস্তাব দেয়।
“সাম্যবাদী দল প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দলীয় নেতা, অ্যাটর্নি জেনারেলের সমন্বয়ে একটি সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করেন। তাদের প্রস্তাবে বলা আছে, এই কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন।”
প্রতিনিধি দল প্রশাসনিক কাজে দক্ষ, অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করে বলে প্রেস সচিব জানান।
“রাষ্ট্রপতি প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন কমিশন গঠনে সাম্যবাদী দলের প্রস্তাব ও মতামত ইতিবাচক অবদান রাখবে।”
গত ১৮ ডিসেম্বর সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনা শুরুর মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপ্রধান আবদুল হামিদের এই সংলাপ শুরু হয়। এখন পর্যন্ত ২২টি রাজনৈতিক দলকে বঙ্গভবন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব নেবে নতুন ইসি। ওই কমিশনের অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।
