এক যুগ পরে আওয়ামী লীগের পদে পল্টু
এক যুগ পরে আওয়ামী লীগের কোনো পদে অধিষ্ঠিত হয়েছেন দলটির এক সময়ের নেতা মোজাফফর হোসেন পল্টু।
দলীয় সভানেত্রী শেখ হাসিনা তার ক্ষমতাবলে পল্টুকে উপদেষ্টা পরিষদের সদস্য করেছেন বলে মঙ্গলবার ক্ষমতাসীন দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আইনজীবী নেতা আবদুল বাসেত মজুমদারকেও উপদেষ্টা পরিষদের সদস্য করার কথা জানানো হয়।
আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পল্টুকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কার করা হয়েছিল।
তারপর তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের কোনো তথ্য গণমাধ্যমে না এলেও ক্ষমতাসীন দলের নানা কর্মসূচিতে তাকে দেখা যেত। এর মধ্যে বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতিও হন তিনি।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বাসেত মজুমদার গত উপদেষ্টা পরিষদেও সদস্য ছিলেন। তবে এবার সম্মেলনের পর ঘোষিত উপদেষ্টা পরিষদের প্রথম তালিকায় তার নাম ছিল না।
উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন, তারা হলেন এস এ মালেক, আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মো. ইসহাক মিঞা, এম রহমত আলী, এইচ টি ইমাম, মসিউর রহমান, আলাউদ্দিন আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহম্মেদ রাজু, মহীউদ্দীন খান আলমগীর, শফিক আহমেদ, সৈয়দ আবু নসর, সতীশ চন্দ্র রায়, আব্দুল খালেক, আ ফ ম রুহুল হক, কাজী আকরাম উদ্দীন আহমদ, সৈয়দ রেজাউর রহমান, অনুপম সেন, হামিদা বানু, মো. হোসেন মনসুর, সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, মোহাম্মদ জমির, গোলাম মওলা নকশবন্দি, মির্জা এম এ জলিল, প্রণব কুমার বড়ুয়া, আব্দুল হাফিজ মল্লিক, সাইদুর রহমান খান, গওহর রিজভী, খন্দকার বজলুল হক, রশিদুল আলম, ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন ও চৌধুরী খালেকুজ্জামান।
