২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু আপনার দুঃস্বপ্ন, আমাদের স্বপ্ন পূরণের সিঁড়ি: কাদের

পদ্মা সেতু নির্মাণ নিয়ে খালেদা জিয়ার সংশয়ের প্রতিক্রিয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রীর কাছে এই প্রকল্প ‘দুঃস্বপ্ন’ হতে পারে, তাদের কাছে এটা স্বপ্ন পূরণের পথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 07:55 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

‘চিৎকার’ করে এই প্রকল্পের কাজ থামিয়ে দেওয়া যাবে না বলে মন্তব‌্য করেছেন তিনি।

সোমবার রাজধানীর মিরপুরে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, “পদ্মাসেতু নিয়েও খালেদা জিয়া অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, সারা জীবনেও নাকি পদ্মা সেতু হবে না।

“পদ্মা সেতু আপনার (খালেদা) কাছে দুঃস্বপ্ন হতে পারে। কিন্তু আমাদের কাছে স্বপ্ন, সিঁড়ি বেয়ে বাস্তবায়নের পথ।”

রোববার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে দেশের সবচেয়ে বড় অবাকাঠামো প্রকল্প পদ্মা সেতু নির্মাণ নিয়ে সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া।

তিনি বলেন, “পদ্মা সেতু আলাউদ্দিনের চেরাগ থাকলে হয়ত বানিয়ে ফেলবে। নদী যে খরস্রোতা, কতদিন টিকবে জানি না। যেভাবে পিলার করার কথা সেভাবে হচ্ছে কি না জানি না। পদ্মা সেতু প্রকল্প আমাদের সময় ৮ হাজার কোটি টাকা ছিল, এখন সেটা ২৮ হাজার কোটি টাকা হয়েছে। কতটুকু আগাবে তা আমরা জানি না।”

খালেদা জিয়া এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছেন দাবি করে তার কাছে প্রমাণ চেয়েছেন কাদের।

তিনি বলেন, “পদ্মাসেতুর কোথায় ‍দুর্নীতি হয়েছে প্রমাণ করার চ্যালেঞ্জ দিচ্ছি। চ্যালেঞ্জ গ্রহণ করুন। প্রমাণ করতে না পারলে আপনাকে মামলার সম্মুখীন হতে হবে।”

ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে পদ্মাসেতু নির্মাণ ছিল ২০০৯ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি।

সেতু বাস্তবায়নে অর্থ সহযোগিতায় এগিয়ে আসে বিশ্ব ব্যাংক। তবে অর্থ ছাড়ের আগেই প্রকল্পে ‘দুর্নীতির ষড়যন্ত্রের’ অভিযোগ তোলে আন্তর্জাতিক ঋণদাতা এই সংস্থা।

প্রায় এক বছর টানাপড়েনের পর বিশ্ব ব্যাংক থেকে অর্থ সহযোগিতার আবেদন প্রত‌্যাহার করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করে বাংলাদেশ সরকার।

পদ্মা সেতুর মূল কাঠামোর নির্মাণ কাজ চলছে এখন। ২০১৮ সাল নাগাদ এই সেতু চলাচলের জন্য খুলে দেওয়া যাবে বলে আশা করছে সরকার।

বঙ্গবন্ধুকে নিয়ে খালেদা জিয়ার বক্তব‌্যকে ‘কাণ্ডজ্ঞানহীন’ আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়া কাল যে বক্তব্য দিয়েছেন তা কাণ্ডজ্ঞানহীন বক্তব্য। তিনি বলেছেন, বঙ্গবন্ধু নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আমি বলব, বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইলে এদেশ স্বাধীন হত না। আপনি এদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না।”

সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “কারা লিটনকে হত্যা করেছে সুন্দরগঞ্জের জনগণ তা জানে। হত্যাকারীদের বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে রয়েছে।”

নতুন বছরে সাম্প্রদায়িকতা মোকাবেলায়ই সবচেয়ে বড় চ‌্যালেঞ্জ বলে মন্তব‌্য করেন তিনি।

দল গোছাতে ১০০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগকে সুসংগঠিত করতে একশ দিনের কর্মসূচি হাতে নিয়েছি। এই একশ দিনের এজেন্ডা হচ্ছে- দল গোছানোর এজেন্ডা। এটা আমাদের সাংগঠনিক কর্মসূচি।”

সোমবার সন্ধ্যায় মিরপুরের ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা ১০ আসনের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচির প্রস্তুতি সভায় মহানগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি করার তাগাদা দেন তিনি।

এসব কমিটিতে ২৫ থেকে ৩০ ভাগ পদে নারীদের রাখারও নির্দেশ দেন তিনি।