৮ সদস্যের ইসি চায় ইসলামী ঐক্যজোট
নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে আট সদস্যের কমিশন গঠনের প্রস্তাব করেছে আবদুল লতিফ নেজামীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট।
বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন গঠন সংলাপে ইসলামী ঐক্যজোট এই প্রস্তাব দেয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।
আধঘণ্টার সংলাপ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ইসলামী ঐক্যজোটকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ দরকার। এ জন্য রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে হবে’।”
আলোচনায় ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।
রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত ইসলামী ঐকজোটের আট দফায় যেসব নির্বাচন কমিশনার অতীতে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তৈরির সঙ্গে যুক্ত ছিল তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রস্তাব করা হয়।
এছাড়া অবসরপ্রাপ্ত বিচারপতি ও সামরিক আমলার পাশাপাশি আলেমদের কমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়।
ইসলামী ঐক্যজোট নির্বাচনী মামলার নিস্পত্তিতে দীর্ঘসূত্রিতা কমিয়ে আনার প্রস্তাব করেন বলেও জানান প্রেস সচিব।
