২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডাকাতি না হলেও চুরি হয়েছে: গয়েশ্বর

ক্ষমতাসীনরা ‘মডেল নির্বাচনের’ উদাহরণ বললেও নারায়ণগঞ্জে কারচুপির অভিযোগ থেকে সরে আসছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য গয়েশ্বর চন্দ্র রায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 04:26 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের পক্ষে দায়িত্ব নিয়ে থাকা এই নেতা বলেছেন, নারায়ণগঞ্জে ‘ভোট ডাকাতি হয়নি, ভোট চুরি হয়েছে’।

গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে এক লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী।

গোলযোগহীন ও শান্তিপূর্ণ এই নির্বাচন নিয়ে সন্তোষ জানিয়েছে পর্যবেক্ষকরা। আওয়ামী লীগ নেতারা বলছেন, নারায়ণগঞ্জ দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মডেল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নির্বাচনকে তাদের ভোটের অধিকারের লড়াইয়ের ‘আংশিক বিজয়’ বললেও গয়েশ্বর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, ভোট ‘ফেয়ার’ হলেও ফল ‘আনফেয়ার’ হয়েছে।       

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একই প্রসঙ্গে বলেন, “এবার নারায়ণগঞ্জ নির্বাচনে ভোট ডাকাতি হয়নি। দিনের আলোতে যা হয়েছে, তা হল সুন্দর। রাতের অন্ধকারে যা ঘটেছে, তা অজ্ঞাত।

“এসব কারণে মনে হয়, ভোট ডাকাতি হয়নি, ভোট চুরি হয়েছে। আমি আগেই বলেছি, দৃশ্যত ইলেকশন ইজ ফেয়ার, বাট রেজাল্ট ইজ আনফেয়ার। কারণ এই নির্বাচনের ফলাফলের যে ব্যবধান, তা বিশ্বাসযোগ্য না।”

ফল ঘোষণাস্থল নারায়ণগঞ্জ ক্লাবের বিভিন্ন কক্ষে ক্ষমতাসীন দলের নেতারা অবস্থান নিয়েছিল বলে দাবি করেন গয়েশ্বর।

“ভোটের আগের রাতে আলোচনার পরিপ্রেক্ষিতে একজন আওয়ামী লীগ নেতাকে কিছু বলা হয়েছিল। তিনি উত্তরে বলেছেন, আমি চুরিতে বিশ্বাস করি, আমি ডাকাতিতে বিশ্বাস করি না।”

তবে এই কথাটি নিজের কানে শোনেননি এই বিএনপি নেতা।

“আমি নিজের কানে শুনিনি। যে দুই-একজন সাংবাদিক ক্লাবে ছিল, তাদের কাছে প্রকাশ করেছেন ওই আওয়ামী লীগ নেতা, তাদের থেকে শোনা উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বলছি।”

নারায়ণগঞ্জে বিভিন্ন কেন্দ্রের ভোটের হার বিশ্লেষণ করে গয়েশ্বর বলেন, “সেখানে ৩৯% থেকে শুরু করে ৭৩% পর্যন্ত ভোট কাস্ট দেখানো হয়েছে। কিন্তু কোনো কেন্দ্রে সকাল ৯টার আগে ভোটার আসেনি, ধীরে ধীরে বেড়েছে। বিকাল ২/৩ টার পর ভোট কেন্দ্রগুলো খালি।

Image
গয়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বর চন্দ্র রায়

“আপনারা বলেন, যেখানে ৩৯% ভোট কাস্ট হয়েছে, সেখানে বাকি ভোটাররা কলেরায় মারা গেছে? আর যেখানে ৮৩% ভোট কাস্ট হল, কীভাবে হল, কোত্থেকে আসল? একটি কেন্দ্রে ৬০% উপরে যদি ভোটের হার হয়, তবে সেই কেন্দ্রে ভোট ৮টায় শুরু হলে বিকাল ৪টায় মধ্যেও সকল ভোট দেওয়া সম্ভব হয় না।”

নারায়ণগঞ্জের ভোটের ফল আরও পরীক্ষা-নিরীক্ষা করছেন জানিয়ে তিনি বলেন, “কাউন্সিলর আমার বেশি পেয়েছি। তাদের ভোটের সাথে দলের মেয়র প্রার্থীর ভোটের ব্যবধানটা বেশি। এই হিসাবটা আমাদের দেখতে হবে।

“প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল, পোলিং এজেন্ট, প্রার্থীর সবার সাথে কথা বলিছি, আমরা যাচাই-বাছাই করছি।”

রিটার্নিং কর্মকর্তার ঘো্ষণার আগেই বিভিন্ন গণমাধ্যমে ‘অসমর্থিত’ সূত্রের বরাত দিয়ে ভোটের ফল প্রকাশের সমালোচনাও করেন এই বিএনপি নেতা্॥

‘ভয়েস অব ডেমোক্রেসি’র উদ্যোগে ‘শক্তিশালী নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকার: প্রেক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব‌্য রাখেন গয়েশ্বর।

সংগঠনের ফেলো জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সভাপতি মাহফুজ কবিরের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ট্যাক্সসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্বাস উদ্দিনও বক্তব্য রাখেন।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে ‘ইউ টার্ন’
কারচুপির দাবি হাস্যকর: কাদের