আশকোনায় জঙ্গিবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন রিজভীর
সরকার জঙ্গিবাদ ‘নির্মূলের দাবি করার’ পরেও ঢাকার আশকোনায় কেন জঙ্গিবিরোধী অভিযান হল সে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, “নিজেদের জঙ্গিবাদ নির্মূলের মহানায়ক সাজার জন্য কোনো নাটক করা হচ্ছে কি না-এটাও কিন্তু আজকে মানুষের মধ্যে সন্দেহ দানা বেঁধে উঠেছে। কারণ যখন সব দল মিলে জঙ্গিবাদ মোকাবিলার কথা বলা হয়েছে, তখন আওয়ামী লীগ সেটাকে গুরুত্ব দেয়নি, প্রধানমন্ত্রী সেটাকে গুরুত্ব দেন না।
“আপনি যে নির্মূলের কথা বললেন এতোদিন আগে- ‘আমি জঙ্গিবাদকে নির্মূল করেছি’। গতকাল আবার আশকোনায় কী করে জঙ্গির উৎপত্তি হল, গ্রেনেড নিয়ে আত্মঘাতী হল সেখানে?”
শনিবার দক্ষিণখানের পূর্ব আশকোনার একটি বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নিহত এক জঙ্গির স্ত্রী ও সন্তানসহ চারজন আত্মসমর্পণ করেন, আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে মারা যান এক কিশোর ও এক নারী।
এই জঙ্গিদের আস্তানা কোথায়, ঘাঁটি কোথায়-প্রশ্ন রেখে রিজভী বলেন, “নাকি এই ঘাঁটি ও আস্তানাগুলো রাষ্ট্রের দিক থেকেই পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে- এটি নিয়েও মানুষের মধ্যে সন্দেহ দাঁনা বেধেছে। আমরা নিজেরা করতে পারি-এটি দেখানোর জন্য নিজেরা সৃষ্টি করে এগুলো করছেন সেটা নিয়েও মানুষের মনে সন্দেহ দানা বেঁধে উঠেছে।”
কোনো ‘নাটক বা মহড়া’ না দিয়ে শান্তিপূর্ণভাবে যে কোনো অন্যায়, যে কোনো সামাজিক রাজনৈতিক উপদ্রব সম্মিলিতভাবে মোকাবেলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, “আমরা আবারও দ্ব্যর্থহীনভাবে বলতে চাই- উগ্রবাদ মানবতার শত্রু, মানবজাতির অগ্রগতির শত্রু। তা সভ্যতা, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক অগ্রগতি এবং স্বাধীন চিন্তার শত্রু। বিএনপি কোনো উগ্রবাদকে কখনও সমর্থন করেনি, এখনও করে না।”
স্বাধীনতা ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘লুই আই কানের নকশা: পাকিস্তানের পতাকার আদলে স্বৈরশাসক আইয়ুব খানের স্বপ্নের প্রতিফলন’ শিরোনামে এই আলোচনা সভা হয়।
“যখন ঘটনা ঘটে তখন কোনো তদন্ত ছাড়াই সব কিছু চাপিয়ে দেয় বিরোধী দলের ওপরে। সরকারকে বলব, আপনারা যেভাবে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন তা ফিরিয়ে দিন। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া ও গণতন্ত্র কেড়ে নেওয়াও উগ্রবাদের শামিল, জঙ্গিবাদের শামিল।”
সরকার জিয়াউর রহমানকে ‘সহ্য করতে পারে না’ বলে শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যান থেকে তার কবর সরানোর উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
‘“কবর ধ্বংস করলে মানুষের হৃদয়ের মধ্যে যে নামটি লেখা থাকবে, তাকে ধ্বংস করা যাবে না। কারণ জিয়াউর রহমানের নাম পাথরে লেখা নাই, তার নাম মানুষের হৃদয়ে লেখা আছে।”
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, অধ্যাপক মামুন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন, কেন্দ্রীয় নেতা খালেদা ইয়াসমীন, সৈয়দ মো. ওমর ফারুক, মিয়া মো. আনোয়ার বক্তব্য রাখেন।
