জঙ্গি দমনে সফলতার স্বীকৃতি নারায়ণগঞ্জের নির্বাচনে: নাসিম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জয়ী হওয়ার পেছনে জঙ্গি দমনে সরকারের সফলতার প্রভাব রয়েছে বলে মনে করছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
শনিবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি মেয়র পদে ‘ভুল ও দুর্বল’ প্রার্থী বাছাই করেছিল বলেও মন্তব্য করেন সরকারের এই স্বাস্থ্যমন্ত্রী।
নাসিম বলেন, “গুলশান-শোলাকিয়া ঘটনার পর সরকার সফলভাবে জঙ্গি দমন করেছে। আর বাংলাদেশের মানুষ সরকারের জঙ্গি দমনের সফলতা দেখেছে। এই সফলতার প্রভাবেই নারায়ণগঞ্জে আমরা ফলাফল পেয়েছি।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত এই আলোচনা সভায় সকাল থেকে দিনব্যাপী ঢাকার আশকোনায় পুলিশের অভিযানে জঙ্গি দমন ‘অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে’ করা হয়েছে বলেও মন্তব্য তার।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী হেরে গেলে সারা দেশে আওয়ামী লীগের ওপর নেতিবাচক প্রভাব পড়ত বলে মন্তব্য করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।
তিনি বলেন, “জঙ্গি দমনে সফলতার পর এটাই প্রথম রায়। নির্বাচন হয়েছে নৌকা আর ধানের শীষে। নৌকা হেরে গেলে একটা নেতিবাচক ‘সিগনাল’ চলে যেত পারে, এটা নারায়ণগঞ্জের মানুষ বুঝেছে।”
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীকে পৌনে এক লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
“বিএনপি এবারের নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করেছিল। তবে নির্বাচনী খেলায় তারা ভুল প্লেয়ার সিলেক্ট করেছিল। এই প্লেয়ার ছিল দুর্বল। তাদের নাট-বল্টু ডিলা হয়ে গেছে।”
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি এবার মনোনয়ন দেয় সাত খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে আলোচনায় আসা সাখাওয়াত হোসেনকে। নারায়ণগঞ্জ বিএনপিপন্থি অংশের আইনজীবী সমিতির নেতা হিসেবে অনেকদিন থেকে নেতৃত্বে থাকলেও মূল ধারার রাজনীতিতে সামনের সারিতে ছিলেন না সাখাওয়াত।
বিএনপির এই প্রার্থীর হারার পেছনে দলটির স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচন করাও অন্যতম একটি কারণ বলে মনে করেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের নেতা নাসিম।
তিনি বলেন, “এই বিজয়ের মাসে জামায়াতকে সাথে নিয়ে জিতবে, এটা কিভাবে ভাবে বিএনপি। তারা হেরেছে জামায়াতকে সাথে নেওয়ার কারণেই।”
আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাসিম বলেন, “আমাদের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি, এটা আমাদের মনে রাখতে হবে। তারা ভোট কম পাননি। এক লাখ ভোট পেয়েছে। এটা মাথায় রেখে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।”
