২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতলে আইভীর ‘উন্নয়ন এগিয়ে নেবেন’ সাখাওয়াত

ভোটারের মুখোমুখি হয়ে ‘বাকি ৩০ শতাংশ’ উন্নয়ন কর্মকাণ্ড শেষ করার সুযোগ চেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সাখাওয়াত হোসেন খান দিয়েছেন চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি।

মাসুম বিল্লাহ

ও মজিবুল হক পলাশ, নারায়ণগঞ্জ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 09:31 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

পুরনো খবর:

নারায়ণগঞ্জে ভোট সুষ্ঠু না হলে ফের আন্দোলন: মওদুদ
সাখাওয়াতের অভিযোগ আইভীর চোখে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’

শনিবার বিকালে নারায়ণগঞ্জ ক্লাবে মেয়র প্রার্থীদের ভোটারদের মুখোমুখি করে সুশাসনের জন্য নাগরিক-সুজন, যেখানে জনগণকে নানা প্রতিশ্রুতি ও আশার বাণী শোনান সাত মেয়র প্রার্থী।

নৌকা প্রতীকে ভোটের লড়াইয়ে থাকা সদ্য বিদায়ী মেয়র আইভী বলেন, “পাঁচ বছরে আপনারা যেমন চেয়েছেন, আমি তেমনিভাবে কাজ করেছি। নতুন এই সিটি করপোরেশনের সঙ্গে দুটি পিছিয়ে পড়া পৌরসভাও যুক্ত হয়েছিল।

“শতভাগ কাজ করেছি- সেটা আমি বলব না। প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। নারায়ণগঞ্জের মানুষ চাইলে নির্বাচিত হয়ে বাকি ৩০ শতাংশ কাজ শেষ করব।”

এই্ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন গড়ে তোলা এবং একটি ‘সুন্দর ও আধুনিক’ শহর গড়ে তোলা হবে তার কাজ।

“চলমান উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক সেটা আমি ব্যক্তিগতভাবে চাই না। যেসব উন্নয়ন কর্মকাণ্ড আছে আমি সেগুলো অবশ্যই এগিয়ে নিয়ে যাব।”

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় ‘মেয়র প্রার্থীগণকে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে’ বক্তব্যের পাশাপাশি ভোটারদের তিনটি করে প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা।

গত ১৩ বছর ধরে নারায়ণগঞ্জবাসীর স্থানীয় সরকার প্রতিনিধির দায়িত্ব পালন করা আইভী বলেন, “বড় বড় প্রতিশ্রুতি আমি দিতে পারব না। স্থানীয় সরকার চাইলে যা ইচ্ছা তা করতে পারে না। যানজট সমস্যার কথা উঠেছে, আমি চাইলে দূর করে দিতে পারব না। পানি-গ্যাসের সমস্যা সমাধানও একেবারে করে ফেলা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব না। এর সঙ্গে অনেক সংস্থা ও প্রতিষ্ঠান জড়িত।”

ট্রেড লাইসেন্স ফি বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ট্রেড লাইসেন্স ফি বাড়ানো হয়েছে সরকারি গেজেটের মাধ্যমে। এখানে আমি চাইলেও কিছু করার নাই। ট্রেড লাইসেন্স ফি যে হারে বাড়ানোর কথা ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বসে সেটা অনেক কমিয়েছে।”

মোট ভোটারের প্রায় অর্ধেক নারীদের জন্য কী করবেন- এ প্রশ্নে আইভী বলেন, “নারীদের জন্য অনেক কিছু করেছি। অনেক এলাকায় দুঃস্থ নারীর জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা আমরা করেছি।

“নারীদের জন্য পৃথক পাবলিক টয়লেট করার যে বিষয় এসেছে, সে বিষয়ে বলব- পাবলিক টয়লেটগুলোতে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। শুধু নারীদের জন্য আলাদা পাবলিক টয়লেট করলে সেটা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা কে দেখবে? বাস্তবতার নিরিখে আমাদের করা উচিত।”

বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, সব শ্রেণি পেশার মানুষকে সমন্বিত করে নারায়ণগঞ্জ শহরকে একটি ‘আধুনিক সিটিতে’ পরিণত করবেন তিনি।

“সকলের সঙ্গে মিলে একটি মাস্টার প্ল্যান তৈরি করে তার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।”

ময়লা-ধুলোবালির শহর থেকে নারায়ণগঞ্জকে আবর্জনামুক্ত ‘গ্রিন সিটি’ করার প্রতিশ্রুতি দেন সাখাওয়াত।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের মানুষের কষ্ট লাঘবের জন্য ফুট ওভারব্রিজ তৈরি করব, ফুটপাত দখলমুক্ত করব। সব কাজই হবে নারায়ণগঞ্জের মানুষের মধ্যে ঐক্য তৈরি করার মাধ্যমে।”

নারায়ণগঞ্জে আলোচিত সাতখুন মামলায় বাদীপক্ষের হয়ে আইনি লড়াই চালিয়ে আসা আইনজীবী সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মূল এজেন্ডা হবে নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে আন্দোলন গড়ে তোলা। সেক্ষেত্রে নাগরিকদের সমন্বয়ে একটি ঐক্য পরিষদ আমি গড়ে তুলতে চাই। তাদের নেতৃত্বে ও পরামর্শে এই আন্দোলন হবে।”

অনুষ্ঠানে এলডিপির কামাল প্রধান প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিএনপির সাখাওয়াতের সঙ্গে কাজ করবেন জানিয়ে বক্তব্য শেষ করেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল বলেন, যানজট, পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে নারায়ণগঞ্জে। ‘আধুনিক শহর’ হিসেবে গড়ে তুলতে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গুরুত্ব দেবেন।

তিনি বলেন, “আগে শীতলক্ষ্যায় ডলফিন ভেসে উঠত, এখন লাশ ভেসে উঠে। দূষণের কারণে নদী শেষ, আর সন্ত্রাস মূল সমস্যা। নির্বাচিত হলে দূষণ রোধ ও সন্ত্রাস মোকাবেলায় উদ্যোগ নেব।”

কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌস বলেন, “নির্বাচনের আগে যুগে যুগে যুব সমাজকে অনেক আশার বাণী শোনানো হয়, কিন্তু নির্বাচিত হওয়ার পর সে অনুসারে কিছু হয় না। আমি নির্বাচিত হলে যুব সমাজকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়ে তোলার কাজ করব।”

এ সময় অন্যদের মধ্যে কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাছুম বিল্লাহ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী এজহারুল হক বক্তব্য দেন।

প্রার্থীদের অঙ্গীকার, ভোটারদের শপথ

অনুষ্ঠানে প্রার্থীদের কাছ থেকে কালোটাকার বিস্তার রোধ, প্রতিবছর একবার করে জনগণের মুখোমুখি হওয়া এবং উন্মুক্ত বাজেট প্রকাশসহ বিভিন্ন বিষয়ে অঙ্গীকারনামায় স্বাক্ষর নেয় সুজন।

সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার অঙ্গীকারনামা পড়ে শোনানের পর প্রার্থীরা দাঁড়িয়ে হাতে হাত রেখে জেতার পর সেটা মেনে চলার প্রতিশ্রুতি দেন।

একই সময়ে ভোটারদের যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দেওয়ার শপথবাক্য পাঠ করান সম্পাদক বদিউল আলম মজুমদার।

শপথবাক্যে বলা হয়, “ভোট প্রদানকে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব মনে করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর স্বপক্ষে ভোটাধিকার প্রয়োগ করব।”

অর্থ বা অন্য কিছুর বিনিময়ে অথবা অন্ধ আবেগের বশবর্তী হয়ে ভোট না দেওয়ার শপথে উপস্থিত ভোটাররা সমস্বরে বলেন, “দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, মিথ্যাচারী, যুদ্ধাপরাধী, নারী নির্যাতনকারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, সাজাপ্রাপ্ত আসামি, ঋণ খেলাপি, বিল খেলাপি, ধর্ম ব্যবসায়ী, ভূমি দস্যু, কালো টাকার মালিক, অর্থাৎ কোনো অসৎ, অযোগ্য ও গণবিরোধী ব্যক্তিকে ভোট দেব না, দেব না, দেব না।”

ভোটারের দ্বারে দ্বারে দুই প্রার্থী

প্রচারের মাত্র তিন দিন বাকি থাকতে শনিবারও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন প্রার্থীরা।

আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী আগের দুদিনের মতো এদিনও শীতলক্ষ্যার ওপারে বন্দর থানার দুটি ওয়ার্ডে গণসংযোগ করেন।

সেখানকার ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া, সমরক্ষেত্রসহ বিভিন্ন এলাকায় গেলে এলাকাবাসী তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে অভিনন্দন জানায়।

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান গণসংযোগ করেছেন সিদ্ধিরগঞ্জের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এবং ১২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায়।

সিদ্ধিরগঞ্জ এলাকায় প্রচারে তার সঙ্গে যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য মওদুদ আহমদও এদিন নারায়ণগঞ্জে গিয়ে তার পক্ষে ভোট চান।