২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের প্রতিশ্রুতি আইভীর, সাখাওয়াত বলছেন ‘ফাঁকা বুলি’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা; দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জে এখন উৎসবের আবহ।

নিজস্ব প্রতিবেদক

ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 02:32 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের প্রার্থী সদ্য বিদায়ী মেয়র সেলিনা হায়াৎ আইভী তার সময়ে শুরু করা ‘উন্নয়ন কর্মকাণ্ড’ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।

অন্যদিকে আইভীর বক্তব্যকে ‘ফাঁকা বুলি’ আখ্যায়িত করে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলছেন, সিটি ও পৌর মেয়র হিসেবে আইভীর ১৩ বছরে যেসব সমস্যার সমাধান হয়নি, তা কখনও সম্ভব হবে না।

সোমবার সকালে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর, ইসদাইর, জামতলা প্রভৃতি এলাকায় গণসংযোগ করেন আইভী।এ সময় তার সঙ্গে নেতাকর্মীরা ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও উন্নয়নের ধারা চলমান রাখতে নৌকার পক্ষে ভোট চান।

এসময় নেতাকর্মীরা ‘আইভী আপার সালাম, ঘরে ঘরে দিলাম’; ‘আইভী আপার মার্কা, নৌকা মার্কা’; ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, নৌকা মার্কায় ভোট চাই’ স্লোগান দেন।

Image
আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর গণসংযোগ

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর গণসংযোগ

Image
নির্বাচনী প্রচারে বিএনপির মেয়রপ্রার্থী সাখাওয়াত হোসেন খান

নির্বাচনী প্রচারে বিএনপির মেয়রপ্রার্থী সাখাওয়াত হোসেন খান

গণসংযোগের এক পর্যায়ে আইভী সাংবাদিকদের বলেন, “আমার চলমান প্রক্রিয়াগুলোকে প্রাধান্য বেশি দেব। যেহেতু আমাদের অলরেডি লংটার্ম, মিডটার্ম ও শর্টটার্ম ভিশন রয়েছে, সেগুলোর মধ্যে আমি সবচেয়ে বেশি মনোনিবেশ করব এবং চলমান কাজগুলোকে কীভাবে দ্রুত শেষ করা যায়, সেদিকে মনোনিবেশ করব।”

তিনি ১৩ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা দেখিয়ে বলেন, “পৌরসভার মেয়র থাকার সময় আমি এই রাস্তাঘাট, ড্রেন করেছিলাম, এটা ২০০৪ বা ২০০৫ এর দিকে। এখন সেই রাস্তাঘাট আরও মজবুত করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থাকে আরেকটু চওড়া করা হচ্ছে।”

নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে উল্লেখ করে আইভী বলেন, “আমি এখন পর্যন্ত অবস্থার খারাপ কিছু দেখি নাই। আমি যেখানে যাচ্ছি, সেখানে প্রচণ্ড পরিমাণ সাড়া পাচ্ছি। নারায়ণগঞ্জ খুব শান্ত পরিবেশে, ইলেকশনের আবেশ নিয়ে নারী-পুরুষ সবাই ইনজয় করছে, উৎসব করছে, আমি খারাপ কিছু এখন পর্যন্ত পাইনি।”

একই ওয়ার্ডের চারারগাঁও, কালিরবাজার, আমলাপাড়া ও খানপুর এলাকায় ‘ধানের শীষ’ এর পক্ষে প্রচার চালান বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। তার সঙ্গে  থাকা নেতাকর্মীদের মুখে ছিল নানা স্লোগান।

Image
বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ

বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ

Image
বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ

বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ

এসময় সাখাওয়াত সাংবাদিকদের বলেন, “সরকারী দলের নৌকার প্রার্থী, উনি গত ১৩ বছর এই নারায়ণগঞ্জের মেয়র ও পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন বলছেন উনি নির্বাচিত হলে গ্যাস-বিদ্যুৎ প্রভৃতি সমস্যার সমাধান করবেন। তিনি ১৩ বছর সময় পেয়েছেন, এসব সমস্যার সমাধান করতে পারেননি।

“‍সুতরাং আবার নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করবেন, নাগরিকরা তার এ বুলি বিশ্বাস করবে না। এজন্য আমরা সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের আভাস পাচ্ছি। মানুষ চাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে একটি পরিবর্তন, আমরা সেই পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি।”

নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে আধুনিক সুবিধার নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সিটি করপোরেশনকে আমি কাবুলিওয়ালার ভূমিকায় দেখতে চাই না। মানুষের যে হোল্ডিং ট্যাক্স আছে সেটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসব, শীতলক্ষ্যার দুই পারের মধ্যে যে বিভক্তি, সেতু নির্মাণের মাধ্যমে মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলব।”