এই সরকারের দৃষ্টিভঙ্গি উগ্র বাঙালি জাতীয়তাবাদী: সন্তু লারমা
পার্বত্য চুক্তির ১৯ বছরেও তা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার জন্য সরকারের ‘উগ্র বাঙালি জাতীয়তাবাদী’ দৃষ্টিভঙ্গি ও ‘ইসলামী সাম্প্রদায়িকতাবোধ’কে দায়ী করেছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
বর্তমান সরকারের অনেকেই আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় একসময় তাদের সঙ্গে থাকলেও বর্তমানে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারে সরকারের আপত্তিতেও ক্ষোভ প্রকাশ করেন এই পাহাড়ি নেতা।
শান্তি চুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় সরকারের এই সমালোচনা করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সঙ্গে শান্তি চুক্তি করে সশস্ত্র লড়াইয়ের পথ ছেড়ে আসা এই পাহাড়ি নেতা সরকারের উপর ক্ষুব্ধ হয়ে ফের অস্ত্র হাতে তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছেন।
তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চুক্তির অধিকাংশই বাস্তবায়ন হয়েছে, বাকি টুকুও বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।
জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা বলেন, “চুক্তি কেন বাস্তবায়ন হয় না, তা আমার কাছের দিবালোকের মতো স্পষ্ট।
“এই সরকারের উগ্র বাঙালি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি রয়েছে; সরকারের মধ্যে অগণতান্ত্রিক মূল্যবোধ, ইসলামিক সাম্প্রদায়িকতাবোধ রয়েছে। এর বাইরেও আরও অনেক গণবিরোধী দৃষ্টিভঙ্গি আছে; যে কারণে সরকার চুক্তি বাস্তবায়নে দ্বিধা করছে।”
চুক্তি বাস্তবায়ন এবং পাহাড়ি জনগণের উপর ‘চলমান অত্যাচার ও নিপীড়ন’ বন্ধ না হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার হুমকি এই সভায়ও দেন জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা।
“আমরা শান্তিতে বাঁচতে চাই, আমরা পাহাড়িরা মানুষের মত বাঁচতে চাই। যদি সেটা আমাদের করতে না দেওয়া হয়, যদি সরকার আমাদের বাধ্য করে, যে কোনো ব্যবস্থা নিতে আমরা দ্বিধা করব না।”
‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বছর : স্থানীয় জনগণের ভূমিকা অধিকার ও বাস্তবতা’ শীর্ষক এই আলোচনা সভায় তিনি চুক্তি বাস্তবায়নে বাধা হওয়ার জন্য আমলাদেরও দায়ী করেন।
“আজকে আমাদের দেশের সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি চুক্তি বাস্তবায়নের পক্ষে নেই। আমি আঞ্চলিক চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে আছি। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে কী আছে না আছে, আমার জানা হয়ে গেছে। কোথায় এখানে দুর্নীতি, কোথায় এখানে মিথ্যা, কোথায় প্রতারণা- তা নতুন করে জানার আমার আর কোনো দরকার নেই।”
শান্তি চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নিষ্ক্রিয় ভূমিকার পেছনে দেশের আমলা ও নীতিনির্ধারকদের নানা ‘ষড়যন্ত্র’কে দায়ী করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানও।
তিনি বলেন, “সরকার প্রধানকে যারা তথ্য দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে অসত্য, অপূর্ণ, অস্বচ্ছ, মিথ্যা ও মনগড়া তথ্য প্রদান থেকে নিজেদের বিরত রাখুন।”
নীতিনির্ধারকদের ‘এই ষড়যন্ত্রের’ দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন বলে মন্তব্য করেন সন্তু লারমা।
তিনি বলেন, “১৯৯৭ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বলেছিল, ‘যেহেতু সংসদে আমাদের দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নেই, তাই পার্বত্য শান্তি চুক্তি ও চুক্তির আলোকে যে আইনগুলো তা আইনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
“এখন তো দুই-তৃতীয়াংশের চেয়েও বেশি সংখ্যা গরিষ্ঠতা আছে; তাহলে সরকার এই আইন, এই চুক্তি সংবিধান অন্তর্ভুক্ত করতে এত দ্বিধাগ্রস্ত কেন?”
এই পাহাড়ি নেতা হতাশ কণ্ঠে বলেন, “আজকে ‘আদিবাসী’ শব্দটাও ব্যবহার করা যাবে না; অথচ এই ‘আদিবাসী’ শব্দ ও বিষয়বস্তু নিয়ে আজকের ক্ষমতায় অধিষ্ঠিতদের অনেকেই আদিবাসী অধিকার প্রতিষ্ঠিত করতে আমাদের সাথে ছিলেন, জোরালো ভাষায় বক্তব্য দিয়েছিলেন।”
পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে একটি জাতীয় ও রাজনৈতিক সমস্যা হিসেবে অভিহিত করে এটিকে রাজনৈতিকভাবে সমাধানের দাবি জানান জনসংহতি সমিতির এই নেতা।
আলোচনা অনুষ্ঠানে ভূমি সমস্যাকে পার্বত্য চট্টগ্রামের সব সমস্যার ‘কেন্দ্রবিন্দু’ হিসেবে তুলে ধরে মিজানুর রহমান বলেন, “আমি তো বলি আমার কোনো কিছুই বাস্তবায়ন করার দরকার নেই।
“শুধু একটি মাত্র বাস্তবায়ন করো- সেটি হচ্ছে সকল ভূমি বিরোধ নিষ্পত্তি করো; অন্য সকল সমস্যা আপনা আপনি সমাধান হয়ে যাবে।”
বৈঠকে পার্বত্য চট্টগ্রামের চাকমা রাজা দেবাষীশ রায় জেলা পরিষদ, অভ্যন্তরীণ পাহাড়ি উদ্বাস্তু, ভূমি ও ভূমি কমিশন, আইন শৃঙ্খলা ও অভিবাসী বাঙালি সমস্যা নিয়ে বক্তব্য রাখেন।
বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং কাপেং ফাউন্ডেশনের যৌথ আয়োজনে রাজধানীর ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত এই সভায় এএলআরডির কার্যনির্বাহী পরিচালক শামসুল হুদা, মানুষের জন্য ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক শাহিন আনাম, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিমও বক্তব্য রাখেন।
