ইসি সরকারের পছন্দে গঠিত হলে মেনে নেওয়া হবে না: আমান
সবার মতামত ছাড়া সরকারের পছন্দে নির্বাচন কমিশন (ইসি) গঠন হলে তা জনগণ মেনে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান।
সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকারকে বলতে চাই, সকল রাজনৈতিক দলের মতামত ছাড়া আবারো যদি ষড়যন্ত্র করে নিজেদের মতো নির্বাচন কমিশন গঠন করেন, তা জনগণ মেনে নেবে না।
“কেবল তাই নয়, ওই রকম নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ডা. শামসুল আলম খান মিলনের ২৬তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এই আলোচনা সভা হয়।
আমানউল্লাহ আমান
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন কার্যত কোনো নির্বাচন হয়নি বলে মন্তব্য করে ক্ষমতাসীনরা ফের একই ধরনের নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
“আপনারা সরকার গঠন করার জন্যে প্রয়োজনীয় সংখ্যক ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তারপরে নির্বাচন করলেন। সেই নির্বাচনে দেখা গেলো কুকুর ঘুমিয়ে আছে, কেন্দ্রে লোক নেই, যুদ্ধ হচ্ছে, মানুষ ভোট দিতে যায়নি। আবারো আপনারা সেইরকম নির্বাচন করতে চান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেন আমান।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের হত্যাকারী গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন নববইয়ের গণঅভ্যুত্থানে ডাকসুর ভিপি আমান।
সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান আসাদ, সাইফুদ্দিন আহমেদ মনি, রফিক শিকদারসহ অন্যরা বক্তব্য রাখেন।
