২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখন সরকার পক্ষে, তাই সেনা চান না আইভী’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে সরকার দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর যে কোনো মূল্যে জয়ের সম্ভাবনা থাকায় এবার তিনি সেনা মোতায়েন চাইছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2016, 05:24 PM

Updated : 12 Apr 2022, 03:23 AM

রাজধানীতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে সেনা মোতায়েনের বিষয়ে আইভীর বক্তব্যে দলের এই প্রতিক্রিয়া তুলে ধরেন তিনি।

রিজভী বলেন, “সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সামরিক বাহিনী মোতায়েনের দরকার নেই। উনি যখন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তখন রাষ্ট্রীয় আক্রমণের ভয় ছিল, তখন সেনাবাহিনীর কথা বলেছিলেন। এখন সরকারি আক্রমণের ভয় নেই বলে এবং তার পক্ষে যেনতেনভাবে জিতে যাওয়ার সম্ভাবনা আছে বলে এখন তিনি সেনা মোতায়েনের কথা বলছেন না।”

প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচনে এবার নারায়ণগঞ্জের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আইভী গত নির্বাচনের আগে এলাকার প্রভাবশালী দলীয় নেতা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করা অভিযোগ তুলে সেনা মোতায়েনের দাবি তুলেছিলেন।

শুরুতে সীমিতভাবে সেনা মোতায়েনের পক্ষে নির্বাচন কমিশনের ইতিবাচক মনোভাব দেখা গেলেও শেষ পর্যন্ত সেনাবাহিনী ছাড়াই নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনের আগের রাতে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের ভোট থেকে দাঁড়ানোর ক্ষেত্রে এটাকে অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছিল তখন।

এবারের নির্বাচনেও বিএনপি যথারীতি ‘সুষ্ঠু ও অবাধ’ নির্বাচনের স্বার্থে সেনা বাহিনী মোতায়েনের দাবি তুলেছে। কিন্তু সদ্য সাবেক মেয়র আইভী বলেছেন, সেনা মোতায়েন ছাড়াই সুষ্ঠু নির্বাচন হবে বলে তার আশা।

আইভীর এই বক্তব্যের নিন্দা জানিয়ে রিজভী সাংবাদিকদের বলেন, “তার (আইভী) এহেন বক্তব্য একজন রাজনীতিবিদের যে ধারাবাহিক প্রতিশ্রুতি সেটার বরখেলাপ বলে আমরা মনে করি।

“সেদিন যখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন প্রয়োজন ছিল কারণ তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা ছিলেন। এখন তার (আইভী) প্রয়োজন হচ্ছে না। কারণ অর্থ, সরকারি মেকানিজম সব তার পক্ষে থাকবে, যাতে নির্বাচন শান্তিপূর্ণ না হয়, নিজের মতো করে নিয়ে যাওয়া যায়, সেজন্য তিনি সেনা মোতায়েন চাচ্ছেন না।”

সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২২ ডিসেম্বরের ভোট সামনে রেখে নারায়ণগঞ্জে ‘অস্ত্রের ঝনঝনানি’ চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা রিজভী।

“নারায়ণগঞ্জে সিটি নির্বাচনের তফসিল ঘোষণার শুরু থেকেই গডফাদারদের দাপট প্রদর্শনের ভঙ্গি ক্রমেই বিস্তার লাভ করছে। এখন সেখানে চলছে বৈধ ও অবৈধ অস্ত্রের ঝনঝনানি।

“নির্বাচন কমিশনকে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা নিয়ে নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ করতে আমি বিএনপির পক্ষ থেকে জোর আহবান জানাচ্ছি।”

একইসঙ্গে দলের পক্ষ থেকে নির্বাচনে সেনা মোতায়েনের দাবির কথাও আবার তুলে ধরেন তিনি।

রিজভী বলেন, “সিটি নির্বাচন যাতে প্রতিযোগিতামূলক, সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ এবং ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেটি যেন বর্তমান নির্বাচন কমিশন বিদায়ের প্রাক্কালে নিশ্চিত করতে পারে, সেদিকে কমিশনকে উদ্যোগী হওয়ার আহবান জানাচ্ছি।”

এছাড়া ‘নারায়ণগঞ্জের দলবাজ প্রশাসনকে’ সরিয়ে নিরপেক্ষ প্রশাসন বসাতে দিয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহের শৈলাকুপা, বরগুনার তালতলী, খুলনার কয়রাসহ বিভিন্ন স্থানে ক্ষমতাসীন সংগঠনের হাতে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

অন্যদের মধ্যে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুনুর রশীদ, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, অধ্যাপক ওবায়দুল ইসলাম, এবিএম মোশাররফ হোসেন, মুনির হোসেন, আবদুল আউয়াল খান, সাইফুল ইসলাম পটু ও আকম মোজাম্মেল হক এসময় উপস্থিত ছিলেন।