হবিগঞ্জের বিএনপি নেতা গউছের জামিন
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দি হবিগঞ্জের বরখাস্ত পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো.আতাউর রহমান খানের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
আদালতে গউছের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জি কে গউছকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট।
মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ২৮ ডিসেম্বর আত্মসমর্পণ করেন গউছ। সেই থেকে তিনি কারাগারে আছেন।
“গত ২৮ ফেব্রুয়ারি হাই কোর্ট উনার জামিনের বিষয়ে রুল জারি করে। আজ সেটির শুনানি শেষ করে তাকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে। ফলে এ মামলায় তার মুক্তি পেতে আর কোনো বাধা নেই।”
তবে জি কে গউছের নামে আরও মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, অন্য মামলায় জামিনের জন্য আগামী সপ্তাহে আবেদন করবেন তারা।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া। ঢাকা আনার পথে তার মৃত্যু হয়।
ঘটনার দিন মধ্যরাতের পর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
প্রথমে সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমান মামলাটি তদন্ত করে ১০ জনের বিরুদ্ধে ওই বছরের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করেন।
এরপর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে আদালতের নির্দেশে সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ মামলার অধিকতর তদন্ত করে ২০১১ সালের ২০ জুন আরও ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। আগের আসামিদেরও এতে রাখা হয়।
কিন্তু ২০১১ সালের ২৮ জুন কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া অভিযোগপত্রের ওপর হবিগঞ্জের বিচারিক আদালতে নারাজি আবেদন করেন। পরের বছর ৫ জানুয়ারি নারাজি আবেদন গ্রহণ করে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধিকতর তদন্তের নির্দেশ দেন।
এ আদেশের প্রেক্ষিতে সিআইডির এএসপি মেহেরুন নেছা ২০১৪ সালের ১০ ডিসেম্বরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে কিবরিয়া হত্যা মামলার সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেন। নতুন আসামিদের নিয়ে এ মামলায় আসামির সংখ্যা দাঁড়ায় ৩৫ জনে।
এরপর ২০১৪ সালের ২১ ডিসেম্বর ওই ১১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত। এ পরোয়ানা জারির পর পাঁচদিনের মাথায় জি কে গউছ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
