২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদ নির্বাচনের কারণে আ. লীগের কর্মসূচি স্থগিত

জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 07:07 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

২৮ ডিসেম্বর দেশের ৬১ জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন দলটি এই সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপির পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অন‌্যতম অংশীদার জাতীয় পার্টিও জেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে রোববার বিকালে ধানমণ্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে এক বৈঠকে বসেন দলটির নেতারা।

বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস‌্য সুরঞ্জিত সেনগুপ্ত ও রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস‌্য আবদুর রাজ্জাক ও ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত জানতে চাইলে আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা পরিষদ নির্বাচনের আগে এই নির্বাচনে প্রভাব ফেলে এমন কোনো অনুষ্ঠান আমরা করব না। জনসভা করব না।”

হানিফ বলেন, “জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেজন‌্য আচরণবিধি যেন ভঙ্গ না হয়, সেজন‌্য ২৪ নভেম্বর সিলেটে দলীয় সভানেত্রী এবং ৩০ নভেম্বর রাজশাহীতে দলীয় সাধারণ সম্পাদকের জনসভা স্থগিত করা হয়েছে।”

বুধবার সিলেটে সরকারি কর্মসূচিতে অংশ নিলেও দলীয় কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যাবেন না বলে আওয়ামী লীগ নেতারা জানান। 

অন‌্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মতো জেলা পরিষদ নির্বাচনে জনগণের সরাসরি ভোট দেওয়ার সুযোগ নেই। কেবল স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম‌্যান নির্বাচিত করবেন।

বৈঠকে উপস্থিত এক সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় মনোনয়নের সুযোগ এই নির্বাচনে না থাকলেও দলের সমর্থনের আশায় ৬১ জেলা পরিষদের চেয়ারম‌্যানের জন‌্য প্রায় ৭০০ জীবন বৃত্তান্ত জমা পড়েছে।

তিনি জানান, নানা পর্যায়ে খোঁজ-খবর নিয়ে আগামী ২৪ তারিখের মধ‌্যে জেলা থেকে প্রতিবেদন কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। তার ভিত্তিতে জেলা পরিষদে প্রার্থীদের সমর্থন দেওয়া হবে।

“দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত এবং যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, তারা আওয়ামী লীগের সমর্থন পাবে না,” বলেন এই সংগঠনিক সম্পাদক।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে সবাই ঐক‌্যবদ্ধভাবে কাজ করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

নারায়ণগঞ্জে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদে মনোনয়ন দিয়েছে সেলিনা হায়াৎ আইভীকে।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার নারায়ণগঞ্জ জেলার সংসদ সদস‌্যদের নিয়ে বৈঠকে বসবেন বলে জানান ওই সাংগঠনিক সম্পাদক।

চট্টগ্রামে শনিবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সময় চট্টগ্রাম জেলা (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদকে লাঞ্ছিত করার ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

ওই সাংগঠনিক সম্পাতক বলেন, “এই ঘটনায় জড়িতদের তালিকা অনতিবিলম্বে কেন্দ্রে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে মামলা করার পরামর্শও দেওয়া হয়েছে।”

পুরনো খবর:

জেলা পরিষদ ভোট: প্রার্থিতার শেষ সময় ১ ডিসেম্বর