২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের জন্মদিনে বিএনপির নানা আয়োজন

দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 01:54 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার শতাধিক দুঃস্থকে চিকিৎসা সেবা এবং ওষুধ দেওয়া হয় বলে চিকিৎসকরা জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই ক্যাম্পের উদ্বোধন করেন। ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল সাড়ে ১১টায় মহানগর কার্যালয়ে ঢাকা মহানগরীর উদ্যোগে তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

এ সময় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন। 

এছাড়া যুব ও মহিলাদলের পক্ষ থেকেও আলাদাভাবে কেক কাটা হয়। কেক কাটার পর এসব অনুষ্ঠানে তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়।

২০ নভেম্বর প্রথম প্রহরে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের বড় ছেলের জন্মদিনের কেক কাটেন।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রথম সন্তান তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর।

২০০৭ সালে মার্চ মাসে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন তারেক রহমান। পরে জামিনে মুক্ত হয়ে ওই বছর সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। তখন থেকে পরিবার নিয়ে সেখানেই আছেন।