২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা দীর্ঘায়িত করতে ইতিহাস বিকৃতি হচ্ছে: ফখরুল

দীর্ঘদিন ক্ষমতায় থাকতে নতুন প্রজন্মের কাছে ক্ষমতাসীনরা ‘বিকৃত ইতিহাস’ তুলে ধরছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 08:00 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

শুক্রবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা আমাদের জাতিসত্ত্বা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সেজন্য আমরা সত্য কথাগুলো আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।

“কিন্ত এরা (আওয়ামী লীগ) কী করছে? অত্যন্ত সচেতনভাবে পরবর্তী প্রজন্মকে একটা মিথ্যা ধারণা দিচ্ছে- ‍ভুল ধারণা দিচ্ছে, বিকৃত ইতিহাস তুলে ধরছে। সেই ইতিহাসে লাভটা কী হবে? লাভটা হবে তাদের যে, তারা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে নিতে চাচ্ছে।”

ক্ষমতাসীদের এ ধরনের কর্মকাণ্ডে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “এতে ক্ষতিটা হবে কার- এই জাতির। এই জাতি নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলবে। তার নিজস্ব যে গৌরব, সেই গৌরবগাঁথা হারিয়ে ফেলবে।”

‘৭ নভেম্বর’ উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। ইতিহাসের ঘটনাময় এই দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে থাকে।

দিবসটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে সরকারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গ টেনে আলোচনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, “ওরা (আওয়ামী লীগ সরকার) ৭ নভেম্বরকে ভয় পায় বলে আমাদের সমাবেশ করতে দেয় না। মানুষ যদি এক সাথে হয় সেজন্য তারা ভয় পায়।

“ভয় পায় বলে তারা নির্বাচন দেয় না, ভয় পায় বলে তারা সংবিধান থেকে গণভোটের ব্যবস্থা তুলে নিয়েছে। ভয় পায় বলে তারা জনগণ থেকে দূরে দূরে থাকে। আওয়ামী লীগ এতোই দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে যে, তারা জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এখন তাদের নির্ভর করতে হচ্ছে।”

বিএনপির দর্শন তুলে ধরে দলটির এই মহাসচিব বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের ওপর ভিত্তি করে বিএনপি প্রতিষ্ঠিত, যার প্রতীক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার প্রতীক হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার প্রতীক হচ্ছেন এখন আমাদের তারেক রহমান সাহেব।”

“আমরা এনাদেরকে কোনো ব্যক্তি বা কারো স্ত্রী, ছেলে মনে করি না। আমরা মনে করি, তারা বাংলাদেশে ১৬ কোটি মানুষ যে রাজনৈতিক চিন্তা, যে রাজনৈতিক দর্শন বিশ্বাস করে, সেই দর্শনের প্রতীক তারা। তাদেরকে সামনে নিয়ে আমরা এগিয়ে চলেছি। তারা সেই পতাকা ধরে আছেন, যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, শৃঙ্খলের পতাকা নয়, দেশের মানুষের এগিয়ে নিয়ে যাওয়ার পতাকা, পেছনে যাওয়ার পতাকা নয়।”

ক্ষমতাসীনরা ‘সারাক্ষণ অতীতচারিতা’ করে জনগণের কাছে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন ফখরুল।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, “আমি একটা প্রশ্ন করতে চাই, সেই সময়ে আপনারা জাসদ গঠন করলেন কেন? আওয়ামী লীগে ছিলেন, আওয়ামী লীগের বড় বড় নেতা ছিলেন আপনারা। আসম আবদুর রব চার খলিফার একজন, শাহজাহান সিরাজ চার খলিফার একজন ছিলের। সিরাজুল আলম খান সাহেব, জলিল সাহেব তারা কেন জাসদ তৈরি করলেন?

“কারণ আওয়ামী লীগ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল এদেশের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য, তারা ব্যর্থ হয়েছিল দেশ পরিচালনা করবার জন্যে। তাদের দুর্নীতি, তাদের স্বজনপ্রীতি এমন একটা পর্যায় গিয়েছিল লোকেরা তাদের (আওয়ামী লীগ) কাছ থেকে বেরিয়ে চলে এসেছিল।”

মহিলা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে ‘অন্যায় ও দুঃশাসন’ এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বানও জানান মির্জা ফখরুল।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির সঙ্গে বিরোধের জের ধরে বাংলাদেশ ছাত্রলীগ ভেঙে দুই ভাগ হয়। এরপর ১৯৭২ সালে রাজনৈতিক দল জাসদ প্রতিষ্ঠা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বলে পরিচিত তাদের কথিত তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র সহসভাপতি নুরজাহান ইয়াসমীন, কেন্দ্রীয় নেতা রাজিয়া আলীম এবং পিয়ারা মোস্তফাসহ অন্যরা বক্তব্য রাখেন।