সমাবেশ করতে না দিলে প্রমাণ হবে দেশে গণতন্ত্র নেই: ফখরুল
দেশে গণতন্ত্র নেই বলে অভিযোগ করে আসা বিএনপিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকার সমাবেশ করতে না দিলে গণতন্ত্র না থাকার বিষয়টি প্রমাণ হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় সরকারের উদ্দেশে তিনি বলেন, “আপনারা গণতন্ত্রের কথা বলেন, তাহলে ভয় পান কেন? গণতন্ত্রের আসল কথা হচ্ছে যে, সকলকে সমান অধিকার দেবেন।
“আমাদের সমাবেশ করার অনুমতি দেন, আমাদেরকে গণতান্ত্রিক কার্য্ক্রম করার অনুমতি দেন। তা নাহলে তো দেশে গণতন্ত্র নেই-এটাই প্রমাণ হবে।”
‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ভয়ে’ সরকার বিএনপিকে সমাবেশ করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
৭ নভেম্বরকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। পরে তারা ৮ নভেম্বর মঙ্গলবার সমাবেশ করতে চাইলেও সোহরাওয়ার্দী উদ্যানে তা করার অনুমতি দেয়নি পুলিশ।
এরপর ৮ নভেম্বর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করার কথা জানান বিএনপি নেতারা। সর্বশেষ বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ৯ নভেম্বর হলেও দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চান তারা।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারের নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়, জিয়া হন গৃহবন্দী।
পরে ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই সেনা কর্মকর্তা।
বিএনপি এই দিনকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, যাতে সরকার বিএনপিকে ৭ নভেম্বর পালন করতে দিতে চায় না বলে অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর আপনারা (সরকার) পালন করতে দেবেন না। দেবেন না এজন্য যে, ৭ নভেম্বর পালন করলে আজকে লক্ষ লক্ষ মানুষ আবার জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রাণিত হবে।
“সমস্ত শৃঙ্খলকে ঠেলে ফেলে দিয়ে গণতন্ত্রকে মুক্ত করবে, সেই আন্দোলন শুরু হবে, সেজন্য আপনারা সেটা করতে দিতে চান না।”
রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের কর্মকাণ্ড তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “শহীদ জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ক হিসেবে সারা বিশ্বে পরিচিত হয়েছেন। কারণ জিয়াউর রহমান থাকলে আপনাদের রাজনীতি থাকে না।
“আপনারা যে পরাধীতার রাজনীতি করেছেন, আপনারা যে শৃঙ্খলের রাজনীতি করেছেন, আপনারা শৃঙ্খলে আবদ্ধ থাকতে ভালোবাসেন- এই রাজনীতি থাকে না। তখন স্বাধীনতার রাজনীতি, আমাদের সত্যিকার অর্থে একটা স্বাধীন-সার্বভৌমত্বে রাজনীতি, আমাদের মাথা উঁচু করবার রাজনীতি, আমাদের নিজস্ব স্বতন্ত্র পরিচয়ের রাজনীতি- এই রাজনীতি সামনে এগিয়ে আসে। তাই আপনারা জিয়াউর রহসমানকে সহ্য করতে পারেন না।”
জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আমীনুল হক, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, মাহবুবউদ্দিন খোকন, এম বদরুদ্দোজা বাদল, কায়সা কামালসহ আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।
