২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বরে জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা

পঁচাত্তরের ৭ নভেম্বর স্মরণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 12:34 PM

Updated : 12 Apr 2022, 03:15 AM

বিএনপি চেয়ারপারসন সোমবার বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দেন।

পরে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতেও অংশ নেন তিনি। 

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, রুহুল আলম চৌধুরী, আবদুল মান্নান, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কায়সার কামাল, কাজী আসাদুজ্জামান আসাদ, নাজিমউদ্দিন আলম, কামরুজ্জামান রতন, হাবিবুল ইসলাম হাবিব, আফরোজা আব্বাস ও সাইফুল আলম নিরবসহ অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারের নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে এক অভ্যুত্থান হলে জিয়াকে গৃহবন্দি করা হয়।

মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের নেতৃত্বে ৭ নভেম্বর পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।

এই দিনকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ ও জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে।

দিবসটি উপলক্ষে ভোরে বিএনপির নয়া পল্টনের কার্যালয় ও গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা তোলা হয়।

এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পোস্টার এবং জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।