২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ‘রাজনীতি’ না করায় ৩০ ছাত্রকে রুম থেকে সরালেন ছাত্রলীগ নেতা

ছাত্রলীগের কার্যক্রমে অংশ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছয়টি কক্ষ থেকে চতুর্থ বর্ষের ৩০ ছাত্রকে বের করে দিয়েছেন সংগঠনটির এক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 11:48 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

ছাত্রলীগের সূর্যসেন হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন শুক্র ও শনিবার হলের ৪২৮, ৪৩৩, ৪৩৬, ৪৪১, ৪৪৫ ও ৪৪৭ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রদের বের করে নিজের অনুসারীদের উঠিয়ে দেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ছাত্রলীগের হল শাখার শীর্ষ দুই পদের একটি প্রত্যাশী সারওয়ার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের অনুসারী।

যেসব ছাত্রকে কক্ষ থেকে বের করা হয়েছে তাদের রুমগুলোতে উঠিয়েছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, যিনি এই হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।

মোবারক হল ছাত্রলীগের দায়িত্বে থাকাকালে ওই ছাত্ররা সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এরপর কয়েক বছর ধরে রুমগুলোতে থাকলেও আর বরাদ্দ নেওয়া হয়নি বলে জানান তারা।

ভুক্তভোগী ছাত্রদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত সপ্তাহে সারওয়ার সবাইকে তার ৩৫১ নম্বর কক্ষে ডেকে নিয়ে রুম ছেড়ে দিতে বলে। তখন ছাত্ররা বলে, এতোদিন এই রুমগুলোতে থেকে আসছি, প্রোগ্রামও করতাম।

“এখন চতুর্থ বর্ষের শেষ দিকে এসে পড়াশুনার চাপ বেড়ে যাওয়ায় সব প্রোগ্রামে যাওয়া সম্ভব হচ্ছে না। এখন কই থাকব?

“জবাবে সারওয়ার বলেছিলেন, তোরা গণরুমে গিয়ে থাক, রুম ছাড়তে হবে। সাওয়ার তার অনুসারীদের ওই কক্ষগুলোতে থাকতে বলেছে।”

শিক্ষার্থীদের রুম থেকে বের করে বিষয়ে জানতে চাইলে সারওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের এসব রুম সরিয়ে অন্য রুমে দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের বের করে দেওয়া হয়নি, অন্য রুমে দেওয়া হয়েছে। বের করে দেওয়ার প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নিব।”

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলছেন, “কয়েকদিন বাইরে ছিলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।

“ছাত্রদের পড়াশুনার যাতে ব্যাঘাত না ঘটে সেটার বিষয়ে তাদের সঙ্গে কথা বলে থাকার ব্যবস্থা করব।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রশাসন শিক্ষার্থীদের কক্ষের আসন বরাদ্দ দিলেও ছাত্র সংগঠনের হাত ধরেই হলে উঠতে হয়।

অধিকাংশ কক্ষেরই নিয়ন্ত্রণ থাকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাদের হাতে। দীর্ঘদিন ধরে এ সংকটের সমাধানের দাবি করা হলেও তার বাস্তবায়ন ঘটেনি।