বিপ্লব বড়ুয়া আ. লীগের সম্পাদকমণ্ডলীতে
কাউন্সিলের পর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে স্থান পাওয়া বিপ্লব বড়ুয়াকে এক সপ্তাহের মধ্যে সম্পাদক মণ্ডলীতে তুলে আনা হয়েছে।
চট্টগ্রামের এই ব্যারিস্টারকে উপ-দপ্তর সম্পাদক পদে আনার কথা রোববার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একইসঙ্গে জানানো হয়, প্রকৌশলী মো. আবদুস সবুরকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দয়িত্ব দেওয়া হয়েছে।
আগের কমিটিতে ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং মৃণাল কান্তি দাস উপ-দপ্তর সম্পাদক ছিলেন। মন্ত্রী ইয়াফেস এবার পদ হারালেও মৃণাল পদোন্নতি পেয়ে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন।
গত ২২-২৩ অক্টোবর কাউন্সিলের পর কয়েক ধাপে সম্পাদক মণ্ডলীসহ অন্যান্য পদের নেতাদের নাম ঘোষণা করা হয়।
সর্বশেষ গত মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছিল।
আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের নতুন কমিটিতে সম্পাদকমণ্ডলীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদটি এখনও ফাঁকা রয়েছে।
বিপ্লব সম্পাদকমণ্ডলীতে চলে যাওয়ায় কার্যনির্বাহী সংসদের ২৮ সদস্যের মধ্যে একটি পদ খালি হল।
১৭ সদস্যের সভাপতিমণ্ডলীর তিনজনের নাম এখনও প্রকাশ হয়নি।
