২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র আদায়ের আন্দোলন বিচ্যুত করতে নাসিরনগরে হামলা: ফখরুল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর-মন্দিরে দুইদফা হামলার ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে ‘গণতন্ত্র আদায়ের আন্দোলন’কে বিচ্যুত করতে ক্ষমতাসীনদের পরিকল্পিত চেষ্টা বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 10:05 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

পুরনো খবর:

নাসিরনগরে তাণ্ডবের বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

শুক্রবার বিকালে রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের এক প্রতিনিধি সম্মেলনে এ অভিযোগ করে রাজনীতিকে যেন ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রথমবার হামলার পর দায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি অভিযোগ করে ফখরুল বলেন, “অন্যদিকে আমি দেখেছি, পত্রিকায় উঠেছে, একজন মন্ত্রী যিনি অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন, তিনি বলতে চেয়েছেন যে, এটা তাদের সৃষ্টি।

“গতরাতেও এতো পুলিশ-র‌্যাব পরিবেষ্টিত অবস্থায় আরও পাঁচটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানুষ তো এতো বোকা নয়। খুব ভালোভাবে বুঝতে পারা যায়, অত্যন্ত সুপরিকল্পিতভাবে আপনাদের প্ররোচনাতে বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি করতে চাচ্ছেন, দেশে একটা সাম্প্রদায়িকতার উসকানি সৃষ্টি করতে চাচ্ছেন।”

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতে বিশ্বাস করে বলে জানিয়ে দলটির মহাসচিব বলেন, “আমরা সুস্পষ্টভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অতীতে রক্ষা করেছি, এখনো রক্ষা করতে চাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি।

“কোনো উদ্দেশ্য নিয়ে এভাবে শুধুমাত্র বাংলাদেশের জনগনের গণতন্ত্রকে আদায় করবার যে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনকে বিচ্যুত করবার জন্য, ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এ ধরনের কোনো অপচেষ্টা জনগন মেনে নেবে না।”

মির্জা ফখরুল বলেন, “আমরা বলতে চাই, সকলকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। রাজনীতি যেন কোনো ভাবেই ভিন্নখাতে প্রবাহিত না হয়, আমাদেরকে নজর রাখতে হবে।”

ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের গাফিলতি ছিল বলে অভিযোগ ওঠলেও স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের কোনো গাফিলতি ছিল না বলে দাবির পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বিষয়টিকে তেমন কিছুই না বলে মন্তব্যে করেন।

এরমধ্যেই প্রথমবার হামলার পাঁচ দিনের মাথায় পুলিশি নিরাপত্তার মধ্যেই শুক্রবার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে আবারও আগুন দেওয়া ঘটনা ঘটলে রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে।

ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়ে মন্ত্রী ছায়েদুলের পদত্যাগ দাবি করেন হিন্দু সম্প্রদায়ের অন্তত ২০টি সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার ‘বিচার বিভাগীয় তদন্ত’ দাবি করেছে সিপিবি।

এছাড়া রাজধানীর শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা প্রতিনিধিদের এই সম্মেলন সকাল ১০টায় শুরু হয়। সংগঠনটির ৭৮টি সাংগঠনিক জেলার তিন শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।

গত ২৭ সেপ্টেম্বর মহিলা দলের নতুন কমিটি অনুমোদন দেয় বিএনপি।

৭ নভেম্বরকে ভয় পায় সরকার

পঁচাত্তরের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এসেছিল মন্তব্য করে সরকার এদিনটিকে ‘ভয় পেয়ে’ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে বিএনপির পালন করে ৭ নভেম্বর সম্পর্কে দলটির মহাসচিব বলেন, “এদিনটিতে রাজনীতিতে পরিবর্তন নিয়ে এসেছিল।

“যখন বাংলাদেশের জনগণের অধিকার চলে গিয়েছিল, যখন দেশের প্রাপ্ত স্বাধীনতা ও সার্বভৌমত্ব যখন বিপন্ন হতে বসেছিল, তখন ৭ নভেম্বরে এদেশের সৈনিকেরা এবং জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে স্বাধীনতাকে রক্ষা করেছিল, সকল চক্রান্তকে ধ্বংস করে দিয়ে তারা সত্যিকার অর্থে দেশের পতাকাকে আরো শক্তভাবে উড্ডয়ন করেছিল।”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের উত্থান ঘটে, যার হাত দিয়ে পরে প্রতিষ্ঠা পায় বিএনপি।

ওই বছরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পালাবদলের এক পর্যায়ে সেনানিবাসে বন্দি তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া ৭ নভেম্বর মুক্ত হন। পরে তিনি রাষ্ট্রক্ষমতা নেন, তার তত্ত্বাবধানে গঠিত হয় বিএনপি।

এই দিনটি বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে আসছে। অন্য দিকে আওয়ামী লীগ পালন দিনটি করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে। আর তাদের এখনকার রাজনৈতিক মিত্র জাসদ দিনটি ‘সিপাহি জনতার অভ্যুবত্থান দিবস’ হিসেবে পালন করে।

দিনটি উপলক্ষে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলেও প্রশাসন অনুমতি না দেওয়ায় সমালোচনা করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “তারা (আওয়ামী লীগ) নিজেরাই এই দিবসটি পালন করতে চায় না। অন্যকেও তারা পালন করতে দেবে না বলেই সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জায়গা দেয়নি।

“শুধু তাই নয়, তারা (সরকার) বিএনপিকে ভয় পায়, তারা জনগনকে ভয় পায়, তারা সবচেয়ে বেশি বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তিনি যাতে জনগনের কাছে যেতে না পারেন, সেজন্য এই অপচেষ্টা সরকার করেছে।”

মহিলা দলকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সরকার দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে, মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। এখন জনগণকে জাগিয়ে তুলতে হবে, সকলকে জাগিয়ে তুলে আমাদেরকে সর্বাত্মক একটি আন্দোলন গড়ে তুলতে হবে।

“তাহলেই জনগণের অধিকার আমরা ফিরিয়ে দিতে পারব, মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব, আমাদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব-এটাই হউক আমাদের আজকের দিনের শপথ।”  

মহিলা দলের কমিটিকে জেলায় জেলায় গিয়ে সম্মেলন করে কমিটি গঠনের পরামর্শও দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

এছাড়া জেলা প্রতিনিধিদের এই সম্মেলনে বিভিন্ন জেলার নেত্রীরা সংগঠনের অবস্থা তুলে ধরেন নতুন নেতৃত্বে কাছে।

মহিলা দলের নতুন সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, “আমরা আশ্বস্ত করতে চাই, আমরা ঢাকায় বসে কমিটি করব না, জেলায় জেলায় গিয়ে কমিটি করব। যারা জেলায় থাকেন, তাদের নিয়ে কমিটি হবে। যারা ঢাকায় থাকেন, তারা থাকতে পারবেন না।

“কেউ টেনশন করবেন না। সবাইকে সাথে নিয়ে সবার কথা শুনে যারা কাজ করেন, তাদেরকে দিয়ে কমিটি করা হবে।”

সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দলের নুরজাহান ইয়াসমীন, জেবা খান, হেলেন জেরিন খান, রাশেদা বেগম হীরা, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, রাজিয়া আলীম, আমেনা বেগম, শামসুন্নাহার বেগমসহ অন্যরা বক্তব্য রাখেন।