নাসিরনগরে তাণ্ডবের বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িঘরে তাণ্ডব চালানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।
শুক্রবার বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে একথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন।
ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
হাফিজ উদ্দিন সাংবাদিকদের বলেন, “কারা নাসিরনগরের ঘটনায় জড়িত তাদের পরিচয় উদঘাটন করা দরকার। শুক্রবার ভোরের হামলার ঘটনাটি কোনো ষড়যন্ত্র কিনা বা রাজনৈতিক কারণ আছে কিনা এটিও তদন্ত করে দেখা দরকার।
“তবে আমরা সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তুষ্ট নই, তারা কেবলমাত্র রাজনৈতিক নেতাকর্মীদের খুঁজে বের করে তাদের মিথ্যা মামলায় জড়ানোয় ব্যস্ত।”
প্রকৃত নাগরিকদের জীবন এবং তাদের ধন-সম্পদ রক্ষায় তাদের তরফ থেকে যথেষ্ঠ উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ সময় সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে হাফিজ বলেন, “মানুষের দুঃখ-কষ্ট নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, আমাদের লোক দেখানো কোনো কর্মকাণ্ড করার দরকার নেই। ধর্মের কারণে কোনো মানুষ উৎপীড়িত হোক এটা আমরা চাই না।
“রাজনৈতিক পয়েন্ট স্কোরের জন্য বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ দেওয়া হচ্ছে।”
প্রতিনিধি দলে আরও ছিলেন সাবেক পানিসম্পদ মন্ত্রী গৌতম চক্রবর্তী, রুমি ফারহানা, বিএনপি নেতা সৈয়দ একে একরামুজ্জামান প্রমুখ।
গত কয়েক দিনে যশোর, বরিশাল, ঠাকুরগাঁও, ফরিদপুর, বগুড়াসহ দেশেল বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
