২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুম থেকে ভোরে ওঠো: ছাত্রলীগকে ওবায়দুল কাদের

ছাত্রলীগ নেতা-কর্মীদের ভোরে ঘুম থেকে ওঠার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 06:04 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

মঙ্গলবার সকালে আকস্মিকভাবে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের মধুর ক‌্যান্টিনে যান কাদের। সেখানে তিনি চা পান করতে করতে ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন।

পঁচাত্তরে বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের পর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনকারী ওবায়দুল কাদের সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ছাত্রলীগের বর্তমান সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও মোতাহের হোসেন প্রিন্স এসময় মধুর ক‌্যান্টিনে উপস্থিত ছিলেন।

জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উঁনি (কাদের) ছাত্রলীগের কর্মীদের সকাল সকাল ঘুম থেকে উঠার পরামর্শ দিয়েছেন।

“তিনি বলেছেন, সকালে উঠলে অনেক কাজ করা সম্ভব হয়। তাই সকালে ঘুম থেকে উঠে সংগঠনের জন্য কাজ কর, দলের জন্য কর ও দেশের জন্য কাজ কর।”

ছাত্রলীগ নেতাদের সতর্কও করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

জাকির বলেন, “মাননীয় মন্ত্রী ছাত্রলীগ নেতাদের ছাত্র রাজনীতির আগে পড়ালেখায় মনেযোগী হতে বলেছেন। তিনি বলেছেন, কোনো অনিয়ম সহ্য করা হবে না।”