যাত্রাবাড়ীতে বাসে পেট্রল বোমা: খালেদার বিরুদ্ধে অভিযোগের শুনানি পেছাল
অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইবুনাল জজ মো. কামরুল হোসেন মোল্লা শুনানির জন্য আগামী ২১ নভেম্বর দিন ঠিক করেন।
খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, অসুস্থতার জন্য বিএনপি চেয়ারপারসন আদালতে হাজির হতে পারেননি বলে সময় চাইলে বিচারক তা মঞ্জুর করে নতুন দেন।
এসময় আদালতে উপস্থিত এই মামলার অন্যতম আসামি এম কে আনোয়ারের পক্ষে তার ব্যক্তিগত হাজিরা মওকুফ করে আইনজীবীর মাধ্যমে হাজিরা আবেদনে সায় দেন বিচারক।
এসময় তার পক্ষে অভিযোগ থেকে অব্যাহতিও চাওয়া হলে তার শুনানিও ২১ নভেম্বর ঠিক করা হয়।
গতবছর ৫ জানুয়ারি গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।
এর মধ্যে ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে নূর আলম নামে এক ঠিকাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বশির উদ্দিন গত বছরের ৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা তিনটি অভিযোগপত্র দাখিল করেন।
খালেদা জিয়াকে হুকুমের আসামি হিসেবে অভিযোগপত্রে ১ নম্বরে রাখা হয়েছে। অপর আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সালাউদ্দিন আহমেদ, খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের তথ্য উপদেষ্টা শওকত মাহমুদ, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ও আমান উল্লাহ আমান, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, সাবেক কমিশনার আবদুল কাইয়ুম ও আবদুল লতিফ, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, যাত্রাবাড়ীর সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, তার ছেলে তানভির আহমেদ রবিন, নবী উল্লাহ নবী ও সেলিম ভূইয়া।
এদের মধ্যে খালেদা জিয়া ও আমানউল্লাহ আমানসহ ১১ জন জামিনে রয়েছেন। বাকিদের মধ্যে ২৩ আসামি পলাতক, চার জন কারাগারে আছেন।
