আ. লীগ সম্মেলন: সফলতায় সভানেত্রীর অভিনন্দন
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২২ ও ২৩ অক্টোবর উপমহাদেশের ঐতিহ্যবাহী ও অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল সাংগঠনিক জেলা থেকে আগত কাউন্সিলার, ডেলিগেট, অতিথি, আওয়ামী লীগের লাখ লাখ নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রাজনৈতিক দলের নেতা, দেশের সব শ্রেণিপেশার নেতা, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।”
