ষষ্ঠ মামলায়ও স্থগিত হয়নি রিজভীর জামিন
রাজধানীতে নাশকতার ঘটনায় দায়ের করা ষষ্ঠ মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া হাই কোর্টের জামিন স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার ‘নো অর্ডার’ দেন।
এর আগে হাই কোর্ট থেকে অন্য ৫ মামলায় জামিন হওয়ার পরও তা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে একই আদেশ হয়।
আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন; সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালে বিএনপির ডাকা টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার ঘটনায় রিজভীর বিরুদ্ধে পল্লবী থানায় দুটি এবং রমনা, মতিঝিল ও খিলগাঁও থানায় একটি মামলা হয়।
রিজভীর আইনজীবী বলেন, রমনা থানায় একটি মামলা দায়ের হলেও হত্যা ও বিস্ফোরক আইনে পুলিশ আলাদা অভিযোগপত্র দেওয়ায় পরে তা দুটি মামলায় পরিণত হয়। ফলে মামলার সংখ্যা বেড়ে ছয় হয়।
গত ১৮ অগাস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে রিজভী সবগুলো মামলায় জামিন চান। বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলে তিনি হাই কোর্টে যান।
এর পর ৭ সেপ্টেম্বর বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ রমনার বিস্ফোরক আইনের মামলাসহ পাঁচটিতে রিজভীকে জামিন দেয়।
পরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ রমনা থানার হত্যার অভিযোগের মামলায়ও তাকে জামিন দেন।
